তাপস রায়,কলকাতা:আজ গর্ব আর আবেগে ভরে উঠল বাঘাযতীন বালিকা বিদ্যালয়-এর প্রাঙ্গণ, সূচনা হলো প্রতিষ্ঠানের ৭৫তম বর্ষপূর্তির। সকালেই এক বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে উদযাপনের সূচনা হয়, যেখানে অংশ নেন বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষিকা, শিক্ষাকর্মী, ছাত্রী ও প্রাক্তনীরা। পাশাপাশি উপস্থিত ছিলেন বাঘাযতীন প্রাথমিক স্কুল-এর ছাত্রছাত্রী ও শিক্ষিকাবৃন্দ, অভিভাবক-অভিভাবিকা এবং অসংখ্য স্থানীয় মানুষ।
এরপর প্রদীপ প্রজ্বলন, বাঘাযতীন-এর মূর্তিতে মাল্যদান এবং বিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বিদায় সংবর্ধনা এবং প্ল্যাটিনাম জুবিলী উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে অতিথিদের উপস্থিতিতে বিদ্যালয় প্রাঙ্গণ হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।
এই বিশেষ দিনে প্রাক্তনী সংসদ আরোহী-এর উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে বর্তমান ছাত্রীদের পাশাপাশি প্রাক্তনীরাও অংশগ্রহণ করে অনুষ্ঠানকে আরও বর্ণময় করে তোলে।
সবশেষে, বিদ্যালয়ের এই গৌরবময় যাত্রার সূচনালগ্নে সার্বিক সহযোগিতার জন্য পরিচালন সমিতির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

