কলকাতা,২রা এপ্রিল : কলকাতার বুকে এক অনন্য সুর ও ধ্যানের মেলবন্ধনের সাক্ষী হতে চলেছে শহরবাসী আগামী ৫ই এপ্রিল সকালে। হার্ট ফুল নেস-এর উদ্যোগে আয়োজিত এই বিশেষ ‘মিউজিক কাম মেডিটেশন ফেস্ট’ অনুষ্ঠিত হবে আনন্দপুরের হার্ট ফুলনেস মেডিটেশন সেন্টার এ, দ্য হেরিটেজ স্কুলের নিকটে, ইএম বাইপাস সংলগ্ন এলাকায়। সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে ধ্যানের সাথে মিলিত হবে শাস্ত্রীয় সঙ্গীতের মায়াবী আবহ।
এই অনুষ্ঠানে সরোদে সুরের জাদু ছড়াবেন বিশিষ্ট শিল্পী সৌগত রায় চৌধুরীএবং তবলায় সঙ্গত করবেন খ্যাতনামা শিল্পী দেবজ্যোতি সান্যাল ধ্যানের পর তাঁদের পরিবেশনা শ্রোতাদের এক গভীর আত্মিক অনুভূতির দিকে নিয়ে যাবে বলে আশা করা হচ্ছে। সম্পূর্ণ বিনামূল্যে এই অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত—যুবসমাজ, কর্পোরেট পেশাজীবী, ছাত্রছাত্রী থেকে শুরু করে জীবনের বিভিন্ন স্তরের মানুষ অংশ নিতে পারবেন।
এই সুরময় প্রভাতের কেন্দ্রে রয়েছে হার্টফুলনেসের মূল দর্শন—সহজ অথচ গভীর এক ধ্যানপদ্ধতি, যা মানুষকে অন্তরের দিকে যাত্রা করতে সহায়তা করে। এটি মনকে শান্ত করে, আবেগকে সুষমায় আনে এবং অন্তরের প্রশান্তি অনুভব করতে সাহায্য করে।
হার্টফুলনেস-এর পথপ্রদর্শক ও শ্রী রাম চন্দ্র মিশন-এর সভাপতি দাজী এই অনুষ্ঠানের তাৎপর্য সম্পর্কে বলেন, “সঙ্গীতের সঙ্গে আধ্যাত্মিকতার এক গভীর সম্পর্ক রয়েছে। ভজন, কীর্তন বা গীত—ভারতীয় সংস্কৃতির প্রতিটি স্তরেই রাগের মাধ্যমে আমরা নিজের অন্তরের দিকে তাকাতে শিখি। সঙ্গীত আমাদের শুধু আনন্দ দেয় না, এটি আমাদের এক অদৃশ্য উৎসের সঙ্গে সংযুক্ত করে, যেখানে ভালোবাসা, শান্তি ও সহমর্মিতা বিদ্যমান।”
সরোদ শিল্পী সৌগত রায় চৌধুরী জানান, এই মঞ্চে পরিবেশনের সুযোগ পাওয়া তাঁদের কাছে অত্যন্ত গর্বের। তিনি বলেন, “দাজি লক্ষ লক্ষ মানুষের জীবনে আলো এনেছেন। আমরা সঙ্গীতের মাধ্যমে সেই আলোয় আমাদের সামান্য অবদান রাখতে চাই।”
অন্যদিকে, তবলাশিল্পী দেবজ্যোতি সান্যাল বলেন, “সঙ্গীত মানুষকে গভীরতর স্তরে নিয়ে যায়, চেতনাকে সূক্ষ্ম করে। এখানে শ্রোতারা শুধু বিনোদন নয়, এক অন্তরযাত্রার অংশ হবেন—এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”
উল্লেখ্য,সৌগত রায় চৌধুরী তাঁর অসামান্য শিল্পসাধনার জন্য সুপরিচিত। ওস্তাদ আলী আকবর খান সহ একাধিক প্রখ্যাত গুরুর কাছে শিক্ষালাভ করে তিনি শাস্ত্রীয় সঙ্গীতে এক বিশেষ উচ্চতায় পৌঁছেছেন। অল ইন্ডিয়া রেডিও কলকাতার ‘এ’ গ্রেড শিল্পী হিসেবে স্বীকৃত তিনি আন্তর্জাতিক মঞ্চেও সাফল্য অর্জন করেছেন, বিশেষ করে ২০১৯ সালে আগা খান মিউজিক অ্যাওয়ার্ডসে সম্মানিত হন।
এই অনন্য আয়োজন কলকাতার সাংস্কৃতিক ও আধ্যাত্মিক পরিমণ্ডলে এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।
