তাপস রায়,পশ্চিমবঙ্গ পোল্ট্রি ফেডারেশনের উদ্যোগে এবং রাজ্য সরকারের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের সহযোগিতায় শুরু হল ১২তম আন্তর্জাতিক কলকাতা পোল্ট্রি মেলা ২০২৬। চারদিনব্যাপী এই মেলা চলবে ১১, ১২, ১৩ ও ১৪ ফেব্রুয়ারি। এশিয়ার বিভিন্ন দেশের পাশাপাশি চিন, স্পেন ও নাইজেরিয়ার প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন এবং প্রায় ১৫০টি স্টল নিয়ে জমজমাট হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। পোল্ট্রির পুষ্টিগুণ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রাজ্যের পোল্ট্রি শিল্পকে আরও শক্তিশালী করাই এই আয়োজনের মূল লক্ষ্য। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপন দেবনাথ, প্রদীপ কুমার মজুমদার, বিপ্লব রায়চৌধুরী, বীরবাহা হাঁসদা, অধ্যাপক অর্থ বোস, অধ্যাপক নীলতল ঘোষ, অধ্যাপক বরুণ রায়, মদন মোহন মাইতি, রাধেশ্যাম রায়, সনৎ সরকার ও পলাশ দে। স্বপন দেবনাথ তাঁর বক্তব্যে বলেন, পোল্ট্রি উৎপাদন ও রপ্তানিতে পশ্চিমবঙ্গ দেশের অন্যতম শীর্ষস্থানীয় রাজ্য এবং উত্তর-পূর্বাঞ্চলের সঙ্গে বিশেষ রপ্তানি অংশীদারিত্ব গড়ে তুলে রাজ্যকে শীর্ষ ডিম রপ্তানিকারক হিসেবে প্রতিষ্ঠিত করাই সরকারের লক্ষ্য। অনুষ্ঠানের শেষে পশ্চিমবঙ্গকে পোল্ট্রি উৎপাদন, পুষ্টি ও রপ্তানির ক্ষেত্রে দেশের একটি মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করা হয়।
