WhatsApp Image 2026 04 06 at 5.43.05 PM

ঘুম নেই? হার্ট অ্যাটাকের লক্ষণ নয় তো?

আপনি স্লিপ অ্যাপনিয়া-র স্বীকার নন তো? কিভাবে বুঝবেন সেটা? কী ধরণের রোগ এটি? কেন সতর্ক হওয়া দরকার?
আজ টকস -এর প্রতিনিধির এই সব প্রশ্নের উত্তর দিলেন ঘুম বিশেষজ্ঞ ডাঃ শুভঙ্কর চক্রবর্তী , কনসালটেন্ট পালমনোলজিস্ট, রুবি জেনারেল হসপিটাল, কলকাতা। (8013239859)

************************************

স্লিপ অ্যাপনিয়া কী?

স্লিপ অ্যাপনিয়া হল এমন একটি ঘুমের ব্যাধি, যেখানে ঘুমের সময় বারবার শ্বাস কিছুক্ষণ বন্ধ হয়ে যায় ও আবার শুরু হয়। ফলে শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছায় না এবং স্বাভাবিক ঘুমের ধারাবাহিকতা ভেঙে যায়। এক রাতে এই শ্বাসবন্ধের পর্ব শত শত বার হতে পারে, যা রোগী অনেক সময় নিজে টেরই পান না, কিন্তু দিনের বেলা তার প্রভাব স্পষ্ট হয়ে ওঠে।

স্লিপ অ্যাপনিয়ার প্রধান ধরনের কী কী?
তিনটি মূল ধরন রয়েছে—
• অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (OSA): সবচেয়ে সাধারণ ধরন; ঘুমের সময় গলার পেশী অতিরিক্ত শিথিল হয়ে শ্বাসনালী আংশিক বা সম্পূর্ণ বন্ধ করে দেয়।
• সেন্ট্রাল স্লিপ অ্যাপনিয়া: মস্তিষ্ক থেকে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণকারী পেশীতে সঠিক সংকেত না গেলে শ্বাস বন্ধ হয়ে যায়।
• কমপ্লেক্স বা মিক্সড স্লিপ অ্যাপনিয়া: যেখানে অবস্ট্রাকটিভ ও সেন্ট্রাল—দুই ধরনের বৈশিষ্ট্যই একসাথে থাকে।

এর সাধারণ লক্ষণগুলো কী?
• জোরে ও প্রতিদিনের মত নাক ডাকা
• ঘুমের সময় শ্বাস থেমে যাওয়া, হঠাৎ হাঁফিয়ে ওঠা (অনেকে পাশে থাকা সঙ্গী দেখে বুঝতে পারেন)
• রাতে ঘন ঘন ঘুম ভেঙে যাওয়া, এবং নন রিফ্রেসিং স্লিপ ।
• সকালে মাথাব্যথা, মুখ শুকনো নিয়ে ঘুম থেকে ওঠা
• সারাদিন ঘুম ঘুম ভাব, কাজে মনোযোগ কমে যাওয়া
• মেজাজ খিটখিটে হওয়া, অবসাদ বা ডিপ্রেশনের প্রবণতা বাড়া। ভুলে যাওয়ার প্রবণতা বাড়া ।

Image

স্লিপ অ্যাপনিয়া কাদের বেশি হয় ?
• অতিরিক্ত ওজন বা স্থূলতা থাকলে( সেন্ট্রাল ওবেসিটি )
• ঘাড় মোটা, গলা সরু, বড় টন্সিল বা অ্যাডিনয়েড থাকলে
• ধূমপান, অ্যালকোহল বা সেডেটিভ ওষুধ সেবনের অভ্যাস থাকলে
• নাকে পলিপ বা ডিএনএস থাকলে ।
• উচ্চ রক্তচাপ, হার্ট ফেলিওর , স্ট্রোক ইত্যাদি সহ-রোগ থাকলে স্লিপ অ্যাপনিয়ার ঝুঁকি বাড়ে।

এটি কেন গুরুত্বের সঙ্গে দেখা দরকার?
স্লিপ অ্যাপনিয়া যদি ঠিক মতো ট্রিটমেন্ট না হয় তবে দীর্ঘমেয়াদে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিস, মেমরি সমস্যা ও ডিপ্রেশনের ঝুঁকি বাড়ায়, এমনকি ঘুমিয়ে গাড়ি চালানোর সময় দুর্ঘটনার সম্ভাবনাও বৃদ্ধি করে। তাই দীর্ঘদিন নাক ডাকা, দিনের ক্লান্তি বা রাতে শ্বাস আটকে আসার লক্ষণ থাকলে দ্রুত স্লিপ বিশেষজ্ঞ বা পালমোনোলজিস্টের পরামর্শ নেওয়া অত্যন্ত প্রয়োজনীয়।

স্লিপ অ্যাপনিয়া সন্দেহ হলে কীভাবে diagnosis করা হয়?
সাধারণত রোগীর উপসর্গ দেখে সন্দেহ করা হয়—যেমন জোরে নাক ডাকা, ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়ে যাওয়া, সকালে মাথাব্যথা, দিনে অতিরিক্ত ঘুম ঘুম ভাব, এবং মনোযোগ কমে যাওয়া। এরপর নিশ্চিত করার জন্য sleep study বা polysomnography করা হয়।

Image

Sleep study বা পলিসমনগ্রাফি কী?
এটি একটি বিশেষ পরীক্ষা, যেখানে ঘুমের সময় শ্বাস-প্রশ্বাস, অক্সিজেনের মাত্রা, নাক ডাকা, হৃদস্পন্দন, এবং ঘুমের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করা হয়। এই পরীক্ষার মাধ্যমে বোঝা যায় ঘুমের মধ্যে শ্বাস কতবার বন্ধ হচ্ছে।

sleep test কি বাড়িতে করা যায় ?
হ্যাঁ, কিছু রোগীর ক্ষেত্রে home sleep apnea test (HSAT) ব্যবহার করা যায়, বিশেষ করে যখন অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ার সন্দেহ বেশি থাকে। এগুলিকে লেভেল ২ থেকে লেভেল ৪ স্লিপ টেস্ট বলা হয় ।তবে জটিল রোগী বা অন্য ধরনের sleep disorder সন্দেহ হলে পূর্ণ polysomnography (লেভেল ১)বেশি নির্ভরযোগ্য এবং এটি গোল্ড স্ট্যান্ডার্ড ।

স্লিপ অ্যাপনিয়ার severity grading কীসের ভিত্তিতে করা হয়?
সাধারণত AHI বা Apnea-Hypopnea Index-এর ভিত্তিতে তীব্রতা নির্ধারণ করা হয়। AHI মানে এক ঘণ্টায় কতবার apnea বা hypopnea হচ্ছে( শ্বাস আংশিক বা সম্পূর্ণ রূপে বন্ধ হচ্ছে)

মাইল্ড (হালকা): AHI ৫–১৫
• মডারেট (মাঝারি): AHI ১৫–৩০
• সিভিয়ার (তীব্র): AHI ৩০-এর বেশি

AHI যত বেশি, রোগ কি তত বেশি গুরুতর?
সাধারণভাবে হ্যাঁ। AHI যত বাড়ে, ঘুমের সময় শ্বাস বন্ধ হওয়ার পর্ব তত বেশি হয় এবং অক্সিজেন কমে যাওয়ার ঝুঁকিও বাড়ে। এতে দিনের তন্দ্রা, উচ্চ রক্তচাপ, এবং অন্যান্য জটিলতার সম্ভাবনা বেড়ে যায়। AHI গুরুত্বপূর্ণ হলেও সঙ্গে উপসর্গ, অক্সিজেন স্যাচুরেশন, ঘুম ভাঙার মাত্রা (arousal)এবং কমর্বিডিটি যেমন hypertension বা obesity-ও দেখা হয়। একই AHI থাকলেও একজনের উপসর্গ অন্যজনের চেয়ে বেশি হতে পারে।

স্লিপ অ্যাপনিয়ার চিকিত্সা কী কী ?

১. ওজন কমানো
• অতিরিক্ত ওজন থাকলে ধীরে ধীরে ওজন কমানো গলার চারপাশের চর্বি কমিয়ে শ্বাসনালী খোলার রাখতে সাহায্য করে।
• ডায়েট (কম ক্যালরি, কম চর্বি, বেশি শাকসবজি–প্রোটিন) ও নিয়মিত হাঁটা/ব্যায়াম সবচেয়ে কার্যকর ঘরোয়া পদক্ষেপগুলোর একটি।

২. ঘুমের ভঙ্গি বদলানো
• চিত হয়ে (পিঠের উপর) শোয়ার বদলে কাত হয়ে শোয়া অনেকের ক্ষেত্রে নাক ডাকা ও স্লিপ অ্যাপনিয়ার এপিসোড কমাতে পারে।
• বালিশ একটু উঁচু রাখা বা বিছানার মাথার দিক সামান্য উঁচু করে দিলে উপকার মিলতে পারে।

৩. অ্যালকোহল, সেডেটিভ ও ধূমপান এড়ানো
• ঘুমের আগে অ্যালকোহল, ঘুমের ওষুধ বা অন্যান্য সেডেটিভ গলার পেশী ঢিলে করে স্লিপ অ্যাপনিয়া বাড়ায়, তাই এগুলো পরিহার করা জরুরি
• ধূমপান গলার প্রদাহ ও শ্বাসনালীর ফোলাভাব বাড়ায়, যা নাক ডাকা ও এপিসোড আরও খারাপ করতে পারে।

৪. গলার ও শ্বাসের ব্যায়াম( myofunctional therapy)
• কিছু থ্রোট এক্সারসাইজ (জিভ–গলার পেশী শক্তিশালী করা, বেলুন ফুলানো ইত্যাদি) গলার পেশী টোন কিছুটা বাড়িয়ে উপসর্গ হ্রাসে সহায়তা করতে পারে।

৫.CPAP (Continuous Positive Airway Pressure) মূলত অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়ায় সবচেয়ে বেশি কার্যকর হিসেবে ব্যবহৃত হয়. এই ধরনের স্লিপ অ্যাপনিয়ায় ঘুমের সময় শ্বাসনালী বন্ধ হওয়ার প্রবণতা থাকে, আর CPAP সেটি প্রতিরোধ করে. সাধারণত একটি ছোট মেশিন, হোস, এবং নাক বা নাক-মুখ ঢাকার মাস্ক থাকে. মেশিনটি ঘুমের পুরো সময় ধরে নির্দিষ্ট বা প্রয়োজনমতো সামঞ্জস্য করা চাপের বাতাস পাঠায়. অনেকের ক্ষেত্রে শুরুতে অস্বস্তি লাগতে পারে, কিন্তু সঠিক মাস্ক ফিটিং ও প্রেসার সেটিং পেলে অভ্যাস হয়ে যায়.

অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (OSA) তে কি কোনও খাওয়ার ওষুধ কার্যকরি?
অনেক সময় OSA স্থূলতা সহ রোগীতে দেখা যায়। Tirzepatide একটি নতুন ওষুধ যা মূলত ডায়াবেটিস ও স্থূলতা চিকিৎসায় ব্যবহৃত হয় । এটি দ্রুত ওজন কমায় এবং AHI (apnea‑hypopnea index) কমিয়ে স্লিপ অ্যাপনিয়ার তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমাতে পারে। মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) এখন Tirzepatide‑কে স্থূলতা সহ প্রাপ্তবয়স্কদের মাঝারি থেকে গুরুতর অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া (OSA)‑এর চিকিৎসার জন্য প্রথম ওষুধ হিসেবে অনুমোদন করেছে।

তাহলে কখন দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে?
যদি জোরে নাক ডাকা, শ্বাস বন্ধ হয়ে যাওয়া, দিনে অতিরিক্ত ঘুম ঘুম ভাব, বা সকালে ক্লান্তি থাকে, তাহলে sleep specialist বা pulmonologist-এর পরামর্শ নেওয়া উচিত। মাঝারি বা তীব্র স্লিপ অ্যাপনিয়ায় চিকিৎসা দেরি করা ঠিক নয়। কারণ ভবিষ্যতে এটি হার্ট অ্যাটাক বা স্ট্রোক এর কারণ হয়ে উঠতে পারে ।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *