InShot 20260217

অফস্টেজে ভালোবাসার ১৭ পোস্টকার্ড !

আজটকস,কলকাতা: ১৩ ফেব্রুয়ারি কেসিসি অফস্টেজের সিজন ২-এর পঞ্চম পর্বে ভ্যালেন্টাইনস ডে উদযাপিত হল তরুণ আধুনিক বাংলা গানের দল এস টি বি কালেক্টিভের সুরে। এর আগে এই মঞ্চে সঙ্গীত পরিবেশন করেছেন কবীর সুমন, অঞ্জন দত্ত ও ইমন চক্রবর্তী-র মতো শিল্পীরা, সেই আস্থার পরম্পরায় দর্শক আবারও ভরিয়ে দেন প্রেক্ষাগৃহ। মাত্র দুই বছরের পথচলায় এস টি বি কালেক্টিভ নিজেদের সৃষ্ট ১৭টি ভালোবাসার গান নিয়ে হাজির হয়ে হাউসফুল সাফল্য অর্জন করে; ‘শুধু তোমাকেই ভালোবেসে’, ‘আবার ভালোবেসে ফেলেছি তোমায়’, ‘চাঁদের বুড়ি’ সহ একাধিক পরিচিত গান পরিবেশনের পাশাপাশি তারা শুরুতেই জানিয়ে দেয় এই দুই ঘণ্টা কেবল সুরের আসর নয়, ভাবনারও পরিসর। স্ক্রিপ্টের বুননে প্রেমের একমাত্রিকতা ভেঙে উঠে আসে উন্নাও, আরাবল্লী পর্বত, গ্লোবাল ওয়ার্মিং ও যুদ্ধের শিশুমৃত্যুর মতো কঠিন বাস্তবতা, যা দর্শককে সংবেদনশীলতার বার্তা দেয়। আলো ও এস এফ এক্সের পরিমিত ও বুদ্ধিদীপ্ত ব্যবহারে অনুষ্ঠান পায় আন্তর্জাতিক মানের ছোঁয়া; বাংলায় এই ধারা বহুদিন ধরে অনুসরণ করে আসছেন শিলাজিৎ মজুমদার, সেই পথেই হাঁটতে দেখা গেল দলটিকে। নীলাঞ্জন, সুধাবর্ষী, ঋতবান, প্রীতম ও অর্ঘ্য—এই পাঁচ তরুণ শিল্পীর সহজ উপস্থাপনা ও নস্টালজিয়ায় ভরা আবেগ দর্শকের হৃদয়ে সাড়া জাগায়; স্কুলের টিফিন ভাগ, ঘাসে ফুটবল, লোডশেডিঙে লুকোচুরির স্মৃতি ফিরে আসে গানের ফাঁকে। সমাপ্তিতে সাদা পোশাকে সমবেত কণ্ঠে ভালোবাসার আহ্বান জানিয়ে তারা প্রেক্ষাগৃহ ভরিয়ে তোলে উচ্ছ্বাসে। একই দিনে রবীন্দ্র সদন-এ ‘ভালোবাসাবাসি’ অনুষ্ঠানে লোপামুদ্রা মিত্র ও জয় সরকার এবং জি ডি বিরলা সভাঘর-এ ‘হুলিগানইজম’-এ অনির্বাণ ভট্টাচার্য, দেবরাজ চক্রবর্তী ও শুভদীপ মিত্র-র পরিবেশনায় শহরজুড়ে ছড়ায় ভালোবাসার আবহ। বিশ্বজুড়ে অস্থিরতার সময়েও কলকাতা আবারও প্রমাণ করল, কবিতা-গান-গল্পের মধ্যেই প্রেম ও মানবিকতার শেষ আশ্রয়।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *