তাপস রায়,কলকাতা, ২২ মে ২০২৬: কলকাতার পথখাবার সংস্কৃতিকে আরও নিরাপদ ও স্বাস্থ্যসম্মত করে তুলতে ডক্টরস চয়েস এবং ভারত চেম্বার অফ কমার্সের উদ্যোগে আয়োজিত ‘পরিষ্কার হাত, পরিষ্কার পাত’ কর্মসূচির প্রথম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে। দুই মাসব্যাপী এই উদ্যোগে শহরের বিভিন্ন এলাকার ১,২০০-রও বেশি রাস্তার খাবার বিক্রেতা অংশগ্রহণ করেছেন।ডেকার্স লেন থেকে টালিগঞ্জ, পার্ক সার্কাস, শ্যামবাজার, নিউ মার্কেট, যাদবপুর, সল্টলেক, চিৎপুর, খিদিরপুর, বেলেঘাটা-সহ শহরের একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় আয়োজিত কর্মশালাগুলিতে খাদ্য স্বাস্থ্যবিধি, নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং জনস্বাস্থ্য সুরক্ষা নিয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৩০ জনেরও বেশি বিক্রেতাকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়। তাঁদের হাতে তুলে দেওয়া হয় শংসাপত্র এবং সুরক্ষামূলক দস্তানা, অ্যাপ্রন, টুপি, হ্যান্ড স্যানিটাইজার ও প্রয়োজনীয় খাদ্য সুরক্ষা সামগ্রী সম্বলিত হাইজিন কিট।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কে.সি. দাস-এর কর্ণধার ধীমান দাস, নবাব ওয়াজাদ আলী শাহের প্রপৌত্র শাহানশাহ মির্জা, খাদ্য ইতিহাসবিদ কমল ব্যানার্জী এবং ডক্টরস চয়েস-এর কর্মকর্তারা।ডক্টরস চয়েস-এর চিফ বিজনেস অফিসার ধিনাল ব্রহ্মভট্ট জানান, রাস্তার খাবার কলকাতার সংস্কৃতি ও জীবিকার গুরুত্বপূর্ণ অংশ। উন্নত স্বাস্থ্যবিধি ও খাদ্য নিরাপত্তা সম্পর্কে বিক্রেতাদের সচেতন করে জনস্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি গ্রাহকদের আস্থাও আরও মজবুত করাই এই উদ্যোগের লক্ষ্য।

ডক্টরস চয়েস-এর মার্কেটিং ও স্ট্র্যাটেজি ডিরেক্টর শিবম আগরওয়াল বলেন, এই উদ্যোগ শুধুমাত্র প্রশিক্ষণ নয়, বরং কলকাতায় আরও স্বাস্থ্যকর ও দায়িত্বশীল স্ট্রিট ফুড পরিবেশ গড়ে তোলার একটি প্রচেষ্টা।

প্রথম পর্বের সাফল্যের পর আগামী জুন মাস থেকেই শুরু হতে চলেছে এই কর্মসূচির পরবর্তী পর্যায়। উদ্যোক্তাদের আশা, ধারাবাহিক সচেতনতা ও প্রশিক্ষণের মাধ্যমে কলকাতার ঐতিহ্যবাহী পথখাবার সংস্কৃতি আরও নিরাপদ, স্বাস্থ্যসম্মত এবং বিশ্বাসযোগ্য হয়ে উঠবে।

