কলকাতা, ২৭ মে: মধ্যপ্রদেশের রেওয়ায় সাম্প্রতিক পথ দুর্ঘটনায় দুই জৈন আর্যকা মাতাজির মৃত্যুর ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করল সকল জৈন সমাজ, কলকাতা। এই ঘটনার প্রতিবাদে এবং জৈন সাধু-সাধ্বীদের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে আগামী ৩০ মে, শনিবার একটি বিশাল নীরব মিছিলের আয়োজন করা হয়েছে।বুধবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সাংবাদিক সম্মেলনে সমাজের প্রতিনিধিরা জানান, অহিংসা, তপস্যা ও আধ্যাত্মিক জীবনের বার্তা বহনকারী জৈন সাধু-সাধ্বীদের উপর বারবার দুর্ঘটনা ও হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। তাঁরা দাবি করেন, রেওয়ার ঘটনাটি শুধু সাধারণ পথ দুর্ঘটনা নয়, এর নিরপেক্ষ ও উচ্চপর্যায়ের তদন্ত হওয়া প্রয়োজন।

মিছিলটি সকাল ৭:৩০ মিনিটে শ্রী দিগম্বর জৈন বড়া মন্দিরজি থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে ধর্মতলার মেট্রো চ্যানেলে শেষ হবে। সেখানে সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন এবং পরে রাজভবনে গিয়ে রাজ্যপালের কাছে স্মারকলিপি জমা দেবেন।সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে “সন্ত সুরক্ষা প্রোটোকল” চালুর দাবি জানানো হয়েছে। এর মধ্যে বিহাররত সাধু-সাধ্বীদের জন্য পুলিশি নিরাপত্তা, ট্রাফিক নিয়ন্ত্রণ, হাইওয়ে সুরক্ষা এবং বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিনোদ কুমার কালা, জিতেন্দ্র কালা, কমল নয়ন জৈন, অজিত শেঠি, অমিত কোঠারি, মহেন্দ্র পাটনি, কমল দুগার, রতন দুগার, সঞ্জয় জৈন সহ বিশিষ্ট সদস্যরা।

