তাপস রায়, আজটকস: কলকাতায় অনুষ্ঠিত হল রোবোটিক ইউরোলজি ফোরামের (RUF) অষ্টম জাতীয় সম্মেলন ‘RUFCON 2026’। পূর্ব ভারতের প্রথম জাতীয় রোবোটিক ইউরোলজি সম্মেলন হিসেবে তিন দিনের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৩০০-রও বেশি রোবোটিক ইউরোলজিস্ট, সার্জন, চিকিৎসক, গবেষক ও স্বাস্থ্য বিশেষজ্ঞ অংশ নেন। সম্মেলনে রোবোটিক ইউরোলজির সাম্প্রতিক অগ্রগতি, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)-এর ব্যবহার এবং উন্নত সার্জিক্যাল প্রযুক্তির ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বিশেষজ্ঞরা জানান, রোবোটিক সহায়তায় র্যাডিক্যাল প্রোস্টেটেকটমি, র্যাডিক্যাল সিস্টেকটমি-সহ একাধিক জটিল ইউরোলজিক্যাল অস্ত্রোপচারে এখন আরও নিখুঁত ফল মিলছে। কম রক্তক্ষরণ, স্বল্প সময়ে হাসপাতাল থেকে ছুটি, দ্রুত সুস্থতা এবং রোগীর উন্নত জীবনমান নিশ্চিত করতে রোবোটিক সার্জারি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এছাড়া হাই-ডেফিনিশন থ্রিডি ভিশন ও অত্যাধুনিক রোবোটিক যন্ত্রপাতির ফলে জটিল অস্ত্রোপচারও আরও নিরাপদ ও নির্ভুলভাবে করা সম্ভব হচ্ছে।সম্মেলনের অন্যতম প্রধান আকর্ষণ ছিল রোবোটিক সার্জারিতে কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ব্যবহার। আলোচনায় উঠে আসে, AI-ভিত্তিক প্রযুক্তি ও পারফরম্যান্স অ্যানালিটিক্সের মাধ্যমে অস্ত্রোপচারের মান বিশ্লেষণ, চিকিৎসকদের দক্ষতা মূল্যায়ন, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা এবং ভবিষ্যতে ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা পরিষেবা আরও উন্নত করা সম্ভব হবে।RUFCON 2026-এর আয়োজক সম্পাদক এবং অ্যাপোলো মাল্টিস্পেশালিটি হাসপাতাল, কলকাতার ইউরো-অঙ্কোলজিস্ট ও রোবোটিক সার্জন ডা. তরুণ জিন্দাল বলেন, “এই সম্মেলন শুধু প্রযুক্তিগত উদ্ভাবনের প্রদর্শনী নয়, বরং AI, অগমেন্টেড রিয়্যালিটি এবং আগামী প্রজন্মের রোবোটিক প্রযুক্তি নিয়ে বিশেষজ্ঞদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ। আমাদের লক্ষ্য উন্নত রোবোটিক সার্জারিকে দেশের আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া।”

রোবোটিক ইউরোলজি ফোরামের সভাপতি ডা. অনন্ত কুমার বলেন, “RUFCON দীর্ঘদিন ধরেই রোবোটিক ইউরোলজির জ্ঞানচর্চা ও বৈজ্ঞানিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে।” ফোরামের সম্পাদক ডা. রবিমোহন বলেন, “বৈজ্ঞানিক আলোচনা ও চিকিৎসকদের অভিজ্ঞতা বিনিময়ই ভবিষ্যতের উন্নত রোগী পরিষেবা এবং রোবোটিক সার্জারিতে নতুন উদ্ভাবনের পথ প্রশস্ত করবে।”

সম্মেলনের শেষে গবেষণা, শিক্ষা, প্রযুক্তিগত উদ্ভাবন এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ভারতে রোবোটিক ইউরোলজিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এবং অত্যাধুনিক সার্জিক্যাল পরিষেবা সাধারণ মানুষের কাছে সহজলভ্য করার অঙ্গীকার ব্যক্ত করা হয়।
