হাওড়ায় ভেসপা-এপ্রিলিয়ার নতুন ঠিকানা, বিপণন নেটওয়ার্ক বাড়াল পিয়াজ্জিও ইন্ডিয়া
তাপস রায়: পশ্চিমবঙ্গে নিজেদের উপস্থিতি আরও শক্তিশালী করল পিয়াজ্জিও ইন্ডিয়া। হাওড়ার জয়স বাইক পয়েন্টে নতুন ভেসপা ও এপ্রিলিয়া বিপণনকেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে রাজ্যে বিক্রয় ও পরিষেবা পরিকাঠামো সম্প্রসারণের পথে আরও এক ধাপ এগোল সংস্থাটি।

বিশ্বখ্যাত পিয়াজ্জিও গোষ্ঠীর দ্বিচক্রযান ব্যবসার অংশ পিয়াজ্জিও ইন্ডিয়ার এই নতুন কেন্দ্রের মূল লক্ষ্য হল গ্রাহকদের আরও সহজে ভেসপা ও এপ্রিলিয়ার পণ্য এবং পরিষেবার সঙ্গে যুক্ত করা। হাওড়া ও সংলগ্ন এলাকার গ্রাহকরা এই কেন্দ্রে দুই ব্র্যান্ডের বিভিন্ন মডেল সম্পর্কে বিস্তারিত জানার পাশাপাশি পণ্য কেনা এবং চালানোর অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন। একই সঙ্গে অনুমোদিত বিক্রয় ও পরিষেবা ব্যবস্থা থাকায় বিক্রয়-পরবর্তী পরিষেবাও মিলবে একই ছাদের নিচে।

নতুন বিপণনকেন্দ্রটির উদ্বোধন করেন পিয়াজ্জিও গোষ্ঠীর এশিয়া প্যাসিফিক দ্বিচক্রযান বিভাগের বিক্রয় নেটওয়ার্ক উন্নয়ন ও বাণিজ্য বিপণন বিভাগের প্রধান গায়েতানো পিনাত্তারো এবং পিয়াজ্জিও ইন্ডিয়ার দ্বিচক্রযান দেশীয় ব্যবসার কার্যনির্বাহী সহ-সভাপতি অজয় রঘুবংশী।উদ্বোধনী অনুষ্ঠানে গায়েতানো পিনাত্তারো বলেন, ভারতীয় বাজারের বিপুল সম্ভাবনা সম্পর্কে পিয়াজ্জিও গোষ্ঠী যথেষ্ট আশাবাদী এবং ভারতকে সংস্থার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হিসেবে দেখা হচ্ছে। কলকাতা দীর্ঘদিন ধরেই সংস্থার অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। জয়স বাইকের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে কলকাতা ও পূর্বাঞ্চলে সম্প্রসারণের নতুন পর্ব শুরু করতে পেরে সংস্থা আনন্দিত বলেও জানান তিনি।তিনি আরও জানান, দেশজুড়ে বিক্রয় নেটওয়ার্ক সম্প্রসারণের লক্ষ্যে পিয়াজ্জিও এগিয়ে চলেছে। ডিসেম্বরের মধ্যে ২৫০টি বিক্রয়কেন্দ্র গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে এবং ইতিমধ্যেই প্রায় ২৪০টি বিক্রয়কেন্দ্র চালু হয়েছে।

ভেসপা তার স্বতন্ত্র ইতালীয় ঐতিহ্য, নান্দনিক নকশা ও উন্নত বৈশিষ্ট্যের জন্য বিশ্বজুড়ে পরিচিত। অন্যদিকে এপ্রিলিয়া তার পারফরম্যান্স, প্রযুক্তি এবং স্পোর্টি রাইডিং অভিজ্ঞতার জন্য বিশেষভাবে পরিচিত। নতুন বিপণনকেন্দ্রে একই সঙ্গে দুই ব্র্যান্ডের উপস্থিতি প্রিমিয়াম দ্বিচক্রযানের বাজারে গ্রাহকদের সামনে আরও বেশি পছন্দের সুযোগ তৈরি করবে।হাওড়ায় এই নতুন কেন্দ্রের উদ্বোধন পশ্চিমবঙ্গের প্রিমিয়াম ব্যক্তিগত যাতায়াতের বাজারে ক্রমবর্ধমান আগ্রহেরও ইঙ্গিত দিচ্ছে। নকশা, প্রযুক্তি, কর্মক্ষমতা এবং জীবনধারার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দ্বিচক্রযানের প্রতি গ্রাহকদের আগ্রহ বাড়ার সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ বাজারগুলিতে বিক্রয় ও পরিষেবা নেটওয়ার্ক আরও শক্তিশালী করার উপর জোর দিচ্ছে পিয়াজ্জিও ইন্ডিয়া।

