আগমনী ছবির মিউজিক ও ট্রেলার উন্মোচন, দুর্গাপূজার আবেগে নতুন বাংলা ছবির পথচলা
তাপস রায়,কলকাতা: দুর্গাপূজার আবহ, পারিবারিক মূল্যবোধ এবং বাঙালির আবেগকে কেন্দ্র করে নির্মিত বাংলা চলচ্চিত্র ‘আগমনী’-র মিউজিক ও ট্রেলার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশিত হলো। IRASE Boral Films-এর প্রযোজনায় এবং ইরেশ বড়ালের পরিচালনায় নির্মিত এই ছবির আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত ছিলেন চলচ্চিত্র, সংস্কৃতি ও শিল্পজগতের বিশিষ্ট ব্যক্তিত্বরা।

অনুষ্ঠানে ছবির শিল্পী, কলাকুশলী এবং অতিথিরা জানান, ‘আগমনী’ শুধুমাত্র একটি চলচ্চিত্র নয়, এটি বাঙালির চিরন্তন উৎসব, পারিবারিক সম্পর্ক, ভালোবাসা এবং মানবিক মূল্যবোধের এক আবেগঘন উপস্থাপনা। ছবির মিউজিক ও ট্রেলার দর্শকদের সামনে আসতেই উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়।

পরিচালক ইরেশ বড়াল বলেন, ‘আগমনী’ এমন এক গল্প, যেখানে দুর্গাপূজার আবহকে কেন্দ্র করে মানুষের অনুভূতি, সম্পর্কের টানাপোড়েন এবং জীবনের নানা বাস্তবতা তুলে ধরা হয়েছে। দর্শকদের জন্য একটি হৃদয়ছোঁয়া ও পারিবারিক বিনোদনের ছবি উপহার দেওয়াই তাঁদের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে কৃতী ব্যক্তিত্বদেরও সম্মাননা জানানো হয়। উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন, ‘আগমনী’ তার গল্প, সঙ্গীত এবং অভিনয়ের গুণে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের মন জয় করবে এবং উৎসবের মরসুমে দর্শকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।

