তাপস রায়,কলকাতা, ১৯ জুলাই: ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, সংস্কৃতি ও ঐতিহ্যের বর্ণময় উপস্থাপনায় আশুতোষ বার্থ সেন্টেনারি হল, ইন্ডিয়ান মিউজিয়ামে অনুষ্ঠিত হলো ত্রিতাল ফাউন্ডেশন অফ পারফর্মিং আর্টস আয়োজিত ‘NRITYA RAGA – An Indian Dance Festival’। দিঘা জগন্নাথ মন্দিরে সফল আয়োজনের পর ফের এক বৃহৎ সাংস্কৃতিক উৎসবের মাধ্যমে ভারতীয় শিল্প-সংস্কৃতির ঐশ্বর্যকে তুলে ধরল এই প্রতিষ্ঠান।

উৎসবে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আগত নৃত্যশিল্পী ও নৃত্যগুরুরা অংশ নেন। মালদা, বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, নদীয়া, মুর্শিদাবাদ এবং কলকাতার শিল্পীরা একই মঞ্চে তাঁদের মনোমুগ্ধকর পরিবেশনার মাধ্যমে ভারতীয় নৃত্যের বৈচিত্র্য ও সৌন্দর্য দর্শকদের সামনে তুলে ধরেন। ছোটদের প্রাণবন্ত উপস্থাপনা থেকে শুরু করে অভিজ্ঞ শিল্পীদের শাস্ত্রীয় নৃত্য পরিবেশনা—প্রতিটি পর্বই দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে।

ত্রিতাল ফাউন্ডেশন অফ পারফর্মিং আর্টস-এর অন্যতম লক্ষ্য ভারতীয় সংস্কৃতি ও শাস্ত্রীয় নৃত্যের ধারাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া। সেই লক্ষ্যকে সামনে রেখেই এই উৎসবের আয়োজন করা হয়, যা শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়, বরং ঐতিহ্য সংরক্ষণ ও শিল্পচর্চার এক আন্তরিক প্রয়াস হিসেবেও প্রশংসিত হয়।

অনুষ্ঠানের সার্বিক পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন দেবান্বিতা দত্ত, রাজিব দত্ত, পিকু মণ্ডল, অমিত ভৌমিক এবং ঋজু রায়। আলোকচিত্র গ্রহণ করেন সৌরভ দে ও অরিত্রী ব্যানার্জী। সুচারু সঞ্চালনার মাধ্যমে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন স্বর্ণা সোমা বসু। শিল্পী, নৃত্যগুরু ও সংস্কৃতিপ্রেমীদের উপস্থিতিতে ‘NRITYA RAGA’ এদিন এক স্মরণীয় সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়।

