কাগজ নিয়ে ভ্রান্ত ধারণা ভাঙতে জনসচেতনতার ডাক
তাপস রায়,কলকাতা, ৩১ জুলাই:”কাগজের ফুল বলে আজো ঝরেনি,সত্যি সে ফুল হলে ঝরে যেতো” প্রয়াত শিল্পী নির্মলা মিশ্রের গান টির কথা যেন এদিন প্রেস ক্লাবে পেপার ট্রেডার্স এর সাংবাদিক সম্মেলনে মনে পরে গিয়েছিল।কারণ,যে কাগজ নিয়ে মানুষের জীবন যাপন সেই কাগজের পৃথিবীটা এত তাড়াতাড়ি।শেষ হতে পারেনা কারণ কাগজ সমগ্র পৃথিবীর পরিবেশ কে বিব্রত করেনা।তাই এদিন কাগজের ব্যবহার পরিবেশের ক্ষতি করে—এই প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করতে জনসচেতনতা অভিযানে নামল ক্যালকাটা পেপার ট্রেডার্স অ্যাসোসিয়েশন (CPTA) এবং ওয়েস্ট বেঙ্গল পেপার ট্রেডার্স অ্যাসোসিয়েশন (WBPTA)। ১লাআগস্ট দেশজুড়ে ‘পেপার ডে’ উপলক্ষে এই উদ্যোগের কথা জানাতে শুক্রবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনগুলির দাবি, বর্তমানে ভারতে উৎপাদিত কাগজ ও পেপারবোর্ডের প্রায় ৮০ শতাংশই তৈরি হয় পুনর্ব্যবহৃত বর্জ্য কাগজ এবং ধানের খড়, গমের খড়, পাটের ডাঁটা, আখের বাগাসের মতো কৃষিজ অবশিষ্টাংশ থেকে। মাত্র ২০ শতাংশ উৎপাদনে কাঠ ব্যবহার হলেও তা আসে বিশেষভাবে কাগজ শিল্পের জন্য গড়ে তোলা নবায়নযোগ্য ও দায়িত্বশীলভাবে পরিচালিত বনায়ন প্রকল্প থেকে, প্রাকৃতিক বনভূমি থেকে নয়।

সংগঠনগুলির মতে, কাগজ বিশ্বের অন্যতম পুনর্ব্যবহারযোগ্য উপাদান, যা একাধিকবার রিসাইকেল করা যায়। পাশাপাশি এটি সম্পূর্ণ জৈব অবক্ষয়যোগ্য (Biodegradable), পুনর্ব্যবহারযোগ্য (Recyclable) এবং নবায়নযোগ্য (Renewable), ফলে প্লাস্টিকের মতো কৃত্রিম উপাদানের তুলনায় অনেক বেশি পরিবেশবান্ধব। কাগজের ব্যবহার বৃত্তাকার অর্থনীতি (Circular Economy) গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই ভারত বর্ষেই ৯০০পেপার মিল আছে,সুতরাং বিষয় টা একটু গুরুত্বের সঙ্গে ভেবে দেখার প্রয়োজন আছে বলে মনে হয়।

ক্যালকাটা পেপার ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি গোপাল সাহা এবং ওয়েস্ট বেঙ্গল পেপার ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শ্যাম সুন্দর ডাগা সাধারণ মানুষকে তথ্যভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, কাগজের দায়িত্বশীল ব্যবহার, পুনর্ব্যবহার এবং টেকসই বনায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ আরও শক্তিশালী করা সম্ভব। তাঁরা প্রিন্ট, ইলেকট্রনিক ও ডিজিটাল মাধ্যমের প্রতিনিধিদেরও এই সচেতনতামূলক প্রচারে এগিয়ে আসার আহ্বান জানান।

এবারের প্রচারের মূল বার্তা— “Paper is Safe, Sustainable, Recyclable & Biodegradable।” অর্থাৎ, কাগজ নিরাপদ, টেকসই, পুনর্ব্যবহারযোগ্য এবং জৈব অবক্ষয়যোগ্য। সংগঠনগুলির লক্ষ্য, ভ্রান্ত ধারণার পরিবর্তে তথ্যভিত্তিক সচেতনতা গড়ে তুলে পরিবেশবান্ধব ভবিষ্যৎ নির্মাণে সকলকে অংশীদার করা।
