জন্মশতবর্ষে মহানায়ক উত্তম কুমারকে শ্রদ্ধা, ৩ সেপ্টেম্বর নজরুল মঞ্চে বিশেষ অনুষ্ঠান
তাপস রায়,কলকাতা: মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উপলক্ষে কলকাতায় আয়োজিত হতে চলেছে একাধিক বিশেষ অনুষ্ঠান। টালিগঞ্জ মহানায়ক উত্তম কুমার কালচারাল ও ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে আগামী ৩ সেপ্টেম্বর নজরুল মঞ্চে অনুষ্ঠিত হবে জন্মশতবর্ষের বিশেষ উদযাপন। এ উপলক্ষে সাংবাদিক সম্মেলনে অনুষ্ঠানের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।

মহানায়কের কালজয়ী অবদানকে স্মরণ করার পাশাপাশি বাংলা চলচ্চিত্র ও কলকাতার সাংস্কৃতিক পরিচিতিতে তাঁর অসামান্য ভূমিকা নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য। গত এক দশকেরও বেশি সময় ধরে ৩ সেপ্টেম্বর উত্তম কুমারের জন্মদিন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি পালন করে আসছে সংগঠনটি। একই সঙ্গে উত্তম কুমারের সঙ্গে কাজ করা প্রবীণ ও আর্থিকভাবে অসচ্ছল চলচ্চিত্র কলাকুশলীদের চিকিৎসা ও আর্থিক সহায়তাও দিয়ে আসছে তারা।

জন্মশতবর্ষ উদযাপন কমিটিতে রয়েছেন অভিনেতা কুশল চক্রবর্তী, বিশিষ্ট সঙ্গীতশিল্পী ও গায়ক শ্রীকান্ত আচার্য, সুব্রত দত্ত, রাজীব পাল-সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা। অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকবেন তন্ময় কর।

শ্রীকান্ত আচার্য বলেন, উত্তম কুমার শুধু কিংবদন্তি অভিনেতাই নন, তাঁর সঙ্গে কাজ করা বহু মানুষের জীবনেরও গুরুত্বপূর্ণ অংশ ছিলেন। তাই তাঁর সময়ের প্রবীণ ও অসহায় কলাকুশলীদের পাশে দাঁড়ানোও এই উদযাপনের অন্যতম উদ্দেশ্য।

কমিটির সম্পাদক তন্ময় করের কথায়, “উত্তম কুমারের উত্তরাধিকার শুধু চলচ্চিত্রে সীমাবদ্ধ নয়, তা বাংলার সাংস্কৃতিক আত্মার সঙ্গে গভীরভাবে যুক্ত।” আগামী ৩ সেপ্টেম্বরের অনুষ্ঠানে মহানায়কের স্মৃতিচারণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং তাঁর সময়ের শিল্পী ও কলাকুশলীদের প্রতি শ্রদ্ধার্ঘ্যের মধ্য দিয়ে পালিত হবে জন্মশতবর্ষ।
