তাপস রায়,কলকাতা: দীপাবলির উৎসবে সৃজনশীলতা, উদ্যোগ এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য মেলবন্ধনে পরিণত করল SPK Jain Futuristic Academy। শিক্ষার্থীদের মধ্যে ব্যবসায়িক চিন্তাভাবনা ও উদ্যোগী মানসিকতা গড়ে তোলার লক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত হল ‘Young Entrepreneurs’ Diwali Mela 2.0’। এই মেলার মধ্য দিয়ে উৎসব উদযাপনের পাশাপাশি নিজেদের ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া এবং ছোট উদ্যোগ পরিচালনার প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পেল পড়ুয়ারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসংগীতশিল্পী দীপান্নিতা আচার্য। তাঁর উপস্থিতি উৎসবের আনন্দে বাড়তি মাত্রা যোগ করে। তবে এই আয়োজনের মূল আকর্ষণ ছিল শিক্ষার্থীদের হাতে-কলমে ব্যবসায়িক অভিজ্ঞতা অর্জনের সুযোগ। নিজেদের তৈরি বিভিন্ন পণ্য ও উদ্যোগ নিয়ে স্টল সাজিয়ে পড়ুয়ারা ব্যবসার প্রাথমিক ধারণা, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ, দলগত কাজ, অর্থ ব্যবস্থাপনা এবং সিদ্ধান্ত গ্রহণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করে। শ্রেণিকক্ষের শিক্ষাকে বাস্তব জীবনের সঙ্গে যুক্ত করার এই প্রয়াস তাদের শেখার প্রক্রিয়াকে আরও আনন্দদায়ক ও অর্থবহ করে তোলে।

মেলার অন্যতম তাৎপর্যপূর্ণ দিক ছিল সামাজিক দায়বদ্ধতা। Shree Shwetambar Sthanakvasi Jain Sabha-র জনকল্যাণমূলক আদর্শকে সামনে রেখে মেলা থেকে সংগৃহীত অর্থ সুবিধাবঞ্চিত শিশুদের কল্যাণে কর্মরত স্বেচ্ছাসেবী সংস্থা Hope Foundation-কে দান করা হবে। পাশাপাশি পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের অংশগ্রহণে আয়োজিত হয় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। সেখানে Hope Foundation-এর শিশুরাও একটি বিশেষ পরিবেশনায় অংশ নেয়। এর মধ্য দিয়ে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়া এবং সমাজের পিছিয়ে পড়া শিশুদের পাশে দাঁড়ানোর বার্তা তুলে ধরা হয়।

এই প্রসঙ্গে SPK Jain Futuristic Academy-র অধ্যক্ষা ড. জয়িতা গঙ্গোপাধ্যায় বলেন, “আমরা বিশ্বাস করি, শ্রেণিকক্ষের বাইরের অভিজ্ঞতা থেকেও শিক্ষার্থীরা জীবনের বহু গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করতে পারে। এই মেলা তাদের নিজেদের ভাবনাকে কাজে লাগানো, ব্যবসার প্রাথমিক বিষয়গুলি বোঝা এবং দলগত কাজ, দায়িত্ববোধ ও সিদ্ধান্ত গ্রহণের মতো দক্ষতা অর্জনের সুযোগ করে দিয়েছে। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল, এর মাধ্যমে শিশুরা অন্যের জন্য কিছু করার আনন্দ উপলব্ধি করতে পারছে এবং বুঝতে শিখছে যে তাদের ছোট ছোট প্রচেষ্টাও অন্যের জীবনে আনন্দ বয়ে আনতে পারে।”

বিদ্যালয়ের সম্পাদক শ্রী জয়দীপ পাটওয়া বলেন, “এই মেলা Shree Shwetambar Sthanakvasi Jain Sabha-র মূল্যবোধ ও জনকল্যাণমূলক ভাবনারই প্রতিফলন। আমরা চাই, শিক্ষার্থীরা বুঝতে শিখুক যে সাফল্য শুধুমাত্র নিজের অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; অন্যের জীবনে কতটা ইতিবাচক পরিবর্তন আনা গেল, সেটিও সমান গুরুত্বপূর্ণ। Hope Foundation-কে সহায়তার মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের জীবনে কিছুটা হলেও পরিবর্তন আনতে চাই। একইসঙ্গে পড়ুয়াদের মধ্যে দায়িত্ববোধ, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

উৎসবের আবহে আয়োজিত এই মেলা শিক্ষার্থীদের কাছে হয়ে উঠল অভিজ্ঞতাভিত্তিক শিক্ষার এক বিশেষ মঞ্চ। উদ্যোগ গ্রহণ, নতুন ভাবনার বাস্তবায়ন, দলগত দায়িত্ব পালন এবং সামাজিক দায়বদ্ধতার পাঠ—সব মিলিয়ে Young Entrepreneurs’ Diwali Mela 2.0 বুঝিয়ে দিল, শিক্ষার প্রকৃত আলো কেবল শ্রেণিকক্ষেই সীমাবদ্ধ নয়; তা ছড়িয়ে পড়ে সমাজের প্রতিটি স্তরেও।
কলকাতার নিউটাউনে অবস্থিত SPK Jain Futuristic Academy একটি K–12 সহশিক্ষামূলক ডে-স্কুল। Cambridge IGCSE এবং CBSE—দুই পাঠক্রমের সমন্বয়ে প্রতিষ্ঠানটি আধুনিক ও ভবিষ্যৎমুখী শিক্ষার প্রসারে কাজ করে চলেছে। Shree Shwetambar Sthanakvasi Jain Sabha-র উদ্যোগে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে আধুনিক পরিকাঠামোর পাশাপাশি অভিজ্ঞতাভিত্তিক শিক্ষা, আন্তর্জাতিক মানের শিক্ষার পরিবেশ এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উদ্ভাবনী চিন্তাভাবনা, দক্ষতা বৃদ্ধি ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে আত্মবিশ্বাসী, সংবেদনশীল এবং দায়িত্বশীল নাগরিক গড়ে তোলাই প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।