কলকাতা, ৯ সেপ্টেম্বর: দেশের ছয়টি রাজ্যের যৌনকর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলির উদ্যোগে কলকাতায় আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল ‘যৌনকর্মী অধিকার মঞ্চ’। যৌনকর্মীদের নেতৃত্বে গড়ে ওঠা এই মঞ্চের মূল লক্ষ্য যৌনকর্মীদের অধিকার, মর্যাদা ও স্বাধীনতা রক্ষা করা। কলকাতা প্রেস ক্লাবে বুধবার বিকেলে মঞ্চের আনুষ্ঠানিক আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, মানবপাচার, হিংসা ও শোষণের বিরুদ্ধে যৌনকর্মীদের ঐক্যবদ্ধ করার পাশাপাশি মানবপাচার এবং প্রাপ্তবয়স্ক যৌনকর্মীদের সম্মতিসূচক যৌনকাজের মধ্যে সুস্পষ্ট পার্থক্য বজায় রাখার দাবি জানানো হবে। একই সঙ্গে যৌনকর্মীদের নিজেদের জীবন ও পেশা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার অধিকারকেও স্বীকৃতি দেওয়ার দাবি উঠেছে।
মঞ্চের বক্তব্য, ২০২২ ও ২০২৬ সালে সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ রায়গুলিতে প্রাপ্তবয়স্ক যৌনকর্মীদের মর্যাদা, নিজস্ব সিদ্ধান্ত গ্রহণের অধিকার এবং সাংবিধানিক অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই আইনি স্বীকৃতিকে বাস্তবে কার্যকর করার জন্যই সংগঠিতভাবে কাজ করতে চায় নবগঠিত এই মঞ্চ।
মঞ্চের পক্ষ থেকে বলা হয়, “আমাদের সঙ্গে আলোচনা না করে আমাদের জীবন সম্পর্কে কোনো রকম সিদ্ধান্ত আমরা চাই না। আমরা উদ্ধার হয়ে আসা বা পুনর্বাসিত মানুষ নই। আমরা অধিকারসম্পন্ন নাগরিক; আমাদের নিজস্ব কণ্ঠস্বর রয়েছে এবং নিজেদের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আমাদের রয়েছে।”
যৌনকর্মীদের অধিকার আরও সুদৃঢ় করা, বৈষম্যমূলক প্রচারের বিরুদ্ধে আওয়াজ তোলা, ন্যায়বিচার ও সামাজিক সুরক্ষার সুযোগ নিশ্চিত করা এবং মানবপাচারবিরোধী পদক্ষেপের মাধ্যমে যাতে প্রকৃতপক্ষে প্রান্তিক মানুষদের সুরক্ষা দেওয়া যায়, তা নিশ্চিত করাকে মঞ্চের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে।
মঞ্চটি যৌনকর্মী ও নারীবাদী কর্মীদের নিয়ে গঠিত একটি সংগঠন এবং যৌনকর্মীদের নেতৃত্বেই তাদের অধিকার রক্ষার জন্য কাজ করবে বলে জানানো হয়েছে।