তাপস রায়, দক্ষিণ ২৪পরগনাডায়মন্ড হারবার রোড সংলগ্ন নলেজ সিটি ক্যাম্পাসে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে সম্প্রতি ১৫ দিনব্যাপী এক বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির সমাপ্তি ঘটে। এই উদ্যোগে প্রায় ১৫ হাজার গাছের চারা রোপণ করা হয়েছে বলে জানানো হয়। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতগাছিয়া কেন্দ্রের বিধায়ক অগ্নিশ্বর নস্কর। তিনি নিজেও একটি গাছের চারা রোপণ করেন এবং নলেজ সিটি ক্যাম্পাসের ইএমসি হাসপাতালের রোগীদের হাতে ফল তুলে দেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, নলেজ সিটির পরিবেশ ও পরিকাঠামো তাঁর অত্যন্ত ভালো লেগেছে। এখানে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল এবং বিস্তীর্ণ সবুজায়নের উদ্যোগ ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত তৈরি করবে। সুযোগ পেলে তিনি আবারও এই ক্যাম্পাসে আসতে চান বলেও জানান।

নলেজ সিটির কর্ণধার ড. আব্দুর রব বলেন, নলেজ সিটি মানেই একটি পরিচ্ছন্ন ও সবুজ নগর গড়ে তোলার স্বপ্ন। বিশ্ব পরিবেশ দিবসের চেতনাকে সামনে রেখে সকলের আরও বেশি করে গাছ লাগানো এবং পরিবেশ রক্ষায় এগিয়ে আসা উচিত। দূষণ রোধ ও প্রকৃতি সংরক্ষণে বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, একটি গাছ একটি প্রাণের সমান, তাই প্রতিটি মানুষকে গাছের যত্ন নেওয়ার দায়িত্ব পালন করতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনাও অনুষ্ঠিত হয়। উপস্থিত শিক্ষার্থীরা বিধায়কের হাতে স্মারক তুলে দেন। সব মিলিয়ে পরিবেশ সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এই কর্মসূচিতে ছিল ব্যাপক উৎসাহ ও জনসমাগম।