প্রত্যাশা পূরণ করল ‘ধীমান ফিরে এসো’

কলকাতা: ভালো সামাজিক বাংলা ছবির প্রত্যাশা পূরণ করল বলাকা ফিল্মের নতুন ছবি ‘ধীমান ফিরে এসো’। ১৮ সেপ্টেম্বর থেকে পদ্মশ্রী সিনেমা হলে ছবিটি দেখতে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সামাজিক বার্তা, আবেগ, হাসি ও সম্পর্কের টানাপোড়েনকে কেন্দ্র করে নির্মিত এই ছবিটি দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে।

প্রয়াত পঙ্কজ দাসের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় ছবিতে একাধিক পরিচিত অভিনেতার পাশাপাশি কয়েকজন নতুন মুখকে দেখা গিয়েছে। গল্প বলার ধরন এবং চরিত্র নির্মাণে পরিচালকের মুন্সিয়ানা ছবিটির অন্যতম আকর্ষণ।

ছবির কেন্দ্রীয় চরিত্র ধীমানের ভূমিকায় প্রবীর ঘোষ তাঁর অভিজ্ঞ অভিনয়ের পরিচয় দিয়েছেন। কখনও হাস্যরস, কখনও মজার মুহূর্ত, আবার কখনও করুণ আবেগ—বিভিন্ন পরিস্থিতিতে তাঁর অভিনয় দর্শকদের মন ছুঁয়েছে।

এরপর উল্লেখ করতেই হয় বিশ্বজিৎ চৌধুরীর কথা। দাদার চরিত্রে তাঁর স্বাভাবিক ও সাবলীল অভিনয় ছবিতে আলাদা মাত্রা যোগ করেছে। বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে মানিয়ে নেওয়ার দক্ষতার পরিচয় তিনি এই ছবিতেও দিয়েছেন। বাংলা ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে তাঁর উপস্থিতি ইতিমধ্যেই দর্শকদের কাছে পরিচিত।

ছবির নায়িকা দোলা চরিত্রে তৃষা চক্রবর্তী-র এটি নতুন মুখ হিসেবে আত্মপ্রকাশ। তবে অভিনয়ে তাঁর সাবলীলতা দেখে তাঁকে একেবারে নতুন বলে মনে হয় না। অভিনয়ের পাশাপাশি তাঁর নৃত্যও ছবির অন্যতম আকর্ষণ।

অঞ্জন চরিত্রে জয়ন্ত-ও যথেষ্ট ভালো অভিনয় করেছেন। নতুন অভিনেতা হিসেবে তাঁর মধ্যে সম্ভাবনা রয়েছে; আগামী দিনে আরও কাজের মাধ্যমে নিজেকে আরও পরিণত করার সুযোগ তাঁর সামনে রয়েছে।

দোলার বাবার চরিত্রে শম্ভু দাস-এর অভিনয়ও প্রশংসনীয়। চরিত্রটির আবেগ ও অভিজ্ঞতাকে তিনি স্বাভাবিক অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন।

ছবিতে অতিথি শিল্পী হিসেবে রয়েছেন প্রখ্যাত অভিনেত্রী দেবিকা মুখার্জী। ‘মিনতি’ চরিত্রে তাঁর উপস্থিতি ছবিতে বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

সব মিলিয়ে, সামাজিক গল্প, অভিজ্ঞ শিল্পীদের অভিনয় এবং নতুন মুখের উপস্থিতির সমন্বয়ে ‘ধীমান ফিরে এসো’ বাংলা ছবির দর্শকদের জন্য একটি উপভোগ্য প্রয়াস। পদ্মশ্রী সিনেমা হলে দর্শক দের মনোরঞ্জন বেশ চিত্তাকর্ষক হয়ে ওঠে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *