সুস্থ সমাজের শপথে ‘সনাতনী স্বাস্থ্য সেনা’
তাপস রায়,কলকাতা: স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজলভ্য, মানবিক ও সমাজমুখী করার লক্ষ্য নিয়ে ‘সনাতনী স্বাস্থ্য সেনা’ (SSS) সর্বভারতীয় সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করল। জাতীয়তাবাদী ও রাষ্ট্রবাদী চেতনায় বিশ্বাসী এবং ভারতের সুপ্রাচীন সনাতনী ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও চিকিৎসাবিদ্যার ছাত্রছাত্রীদের একই মঞ্চে আনার লক্ষ্যেই এই উদ্যোগ।

কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত সংগঠনের প্রথম সাংবাদিক সম্মেলনে সংগঠনের আহ্বায়ক তথা প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. প্রকাশ কুমার হাজরা জানান, পেশাগত ও সামাজিক জীবনে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয় স্বাস্থ্যক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষদের। ভবিষ্যতে যে কোনও বিপদে ও সংকটে তাঁদের পাশে দাঁড়ানো এবং সমাজের সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যসেবাকে আরও কার্যকর করে তোলাই সংগঠনের অন্যতম উদ্দেশ্য।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত চিকিৎসক ডা. দীপঙ্কর দেবনাথ সংগঠনের লক্ষ্য ও কর্মপরিকল্পনার ১৭টি দিক তুলে ধরেন। এর মধ্যে রয়েছে—সহজলভ্য ও আধুনিক স্বাস্থ্য পরিষেবা, ন্যায়সঙ্গত স্বাস্থ্যব্যবস্থা, রোগীর মর্যাদা রক্ষা, স্থানীয়ভাবে স্বাস্থ্যব্যবস্থাকে শক্তিশালী করা, প্রতিরোধমূলক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকি প্রশমন। পাশাপাশি নাগরিকদের স্বাস্থ্য-স্বনির্ভরতা গড়ে তুলতে স্বাস্থ্যশিক্ষা, ভুল তথ্য মোকাবিলা ও বৈজ্ঞানিকভাবে সমর্থিত অভ্যাসের প্রচারের কথাও বলা হয়েছে।

সংগঠনের পরিকল্পনায় স্বাস্থ্যকর জীবনযাপন, পুষ্টি, মননশীলতা ও দৈনন্দিন সুস্থতার অভ্যাসকে উৎসাহ দেওয়া, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের মতো জীবনযাপন-সম্পর্কিত রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কমিউনিটি যোগ কর্মসূচি চালু করা এবং পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তোলার উদ্যোগও রয়েছে। সমাজের দুর্বলতম শ্রেণির মানুষের কাছে চিকিৎসা পৌঁছে দেওয়া, প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্য শিবির, রোগ নির্ণয় ও ভ্রাম্যমাণ মেডিক্যাল ভ্যানের ব্যবস্থা করার পরিকল্পনাও নেওয়া হয়েছে।

এছাড়া চিকিৎসক, নার্স, গবেষক ও মানসিক স্বাস্থ্য পেশাদারদের নিয়ে একটি সমন্বিত নেটওয়ার্ক তৈরি, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে চিকিৎসা, ত্রাণ, খাদ্য ও স্যানিটারি সামগ্রীর দ্রুত সরবরাহ এবং স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে একটি স্বয়ংসম্পূর্ণ স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার লক্ষ্যও রয়েছে সংগঠনের।

সনাতনী স্বাস্থ্য সেনা’র মূল ভাবনা—শারীরিক সুস্থতা একটি শক্তিশালী সমাজের ভিত্তি। ব্যক্তি সুস্থ হলে পরিবার সুস্থ হয়, পরিবার সুস্থ হলে সমাজ আরও শক্তিশালী হয়ে ওঠে। এই দর্শনকে সামনে রেখে আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও মানবিক মূল্যবোধের সমন্বয়ে একটি সুস্থ, সচেতন ও শক্তিশালী সমাজ গড়ে তোলার বার্তা দেওয়া হয়েছে।সাংবাদিক সম্মেলনে ডা. রাখি মিত্র, ডা. বিবেক গুপ্ত ও ডা. বিশ্বজিৎ মিত্র-সহ আরও কয়েকজন চিকিৎসক উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন।

