তাপস রায়, কলকাতা :অগ্নিযুগের বিপ্লবীদের জীবনকথা, প্রকাশিত ‘দ্য গ্রেট সন্স অ্যান্ড ডটার্স অব ইন্ডিয়া’ কলকাতা, ২ সেপ্টেম্বর ২০২৬: অগ্নিযুগের বীর বিপ্লবীদের জীবন, সংগ্রাম ও আত্মত্যাগকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্যে প্রকাশিত হল সৌমক পালিত রচিত গ্রন্থ ‘দ্য গ্রেট সন্স অ্যান্ড ডটার্স অব ইন্ডিয়া’। কলকাতায় এক বিশেষ অনুষ্ঠানে বিপ্লবী পরিবারের আত্মীয়-স্বজন ও বিশিষ্টজনদের উপস্থিতিতে গ্রন্থটির আনুষ্ঠানিক প্রকাশ ঘটে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অগ্নিযুগের বিপ্লবী পুলিনবিহারী দাস, উল্লাসকর দত্ত, মাস্টারদা সূর্য সেন, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের আত্মীয়-স্বজনেরা। একই সঙ্গে সুলেখক ও বিপ্লবী চেতনার অন্যতম উজ্জ্বল ব্যক্তিত্ব পরশুরাম ওরফে রাজশেখর বসুর পরিবারের সদস্যদের উপস্থিতিও প্রকাশনা অনুষ্ঠানকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে।

গ্রন্থের রচয়িতা সৌমক পালিত জানান, দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী মোট ৩০ জন বিপ্লবীর জীবন ও কর্মকাণ্ডকে কেন্দ্র করে বইটি রচিত হয়েছে। তাঁদের সংগ্রাম, দেশপ্রেম, আত্মত্যাগ এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার নানা দিক পাঠকের সামনে তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই গ্রন্থে।

প্রকাশনা সংস্থা ‘বসুধানন্দ বুকস অ্যান্ড পাবলিকেশন’-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ৪৬৪ পৃষ্ঠার এই গ্রন্থটির বিনিময় মূল্য ১,০৫০ টাকা। স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, বিপ্লবীদের জীবন ও ভারতীয় জাতীয়তাবাদের ঐতিহাসিক পর্ব নিয়ে আগ্রহী পাঠকদের কাছে বইটি বিশেষ আকর্ষণ তৈরি করবে বলেই আশা প্রকাশ করা হয়েছে।

