তাপস রায়,কলকাতা:দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা সহায়তার এক নতুন দিগন্ত খুলে দিল পরিবর্তন ওয়েলফেয়ার ফাউন্ডেশন। সস্তাসুন্দর-এর সমাজকল্যাণ ও কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা শাখার উদ্যোগে চালু হওয়া এই কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত রোগীদের কাছে বিনামূল্যে ওষুধ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘বিকশিত ভারত ২০৪৭’-এর ভাবনা থেকে অনুপ্রাণিত এই উদ্যোগের লক্ষ্য হল ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ, স্থূলতা ও অবসাদের মতো দীর্ঘস্থায়ী রোগে আক্রান্ত সেইসব মানুষের পাশে দাঁড়ানো, যাঁরা আর্থিক সঙ্কটের কারণে নিয়মিত চিকিৎসা চালিয়ে যেতে পারেন না।
এই প্রকল্পের আওতায় যোগ্য উপভোক্তারা সস্তাসুন্দর অ্যাপের মাধ্যমে ডিজিটাল স্বাস্থ্য কুপনের সাহায্যে সর্বোচ্চ ৫০০ টাকা মূল্যের জেনেরিক ওষুধ বিনামূল্যে পেতে পারবেন। শুধু তাই নয়, ওষুধ সরাসরি তাঁদের বাড়িতেও পৌঁছে দেওয়া হবে। পাশাপাশি নির্দিষ্ট জিটো হেলথ কেন্দ্রগুলিতে চিকিৎসকের পরামর্শ, বিভিন্ন রোগ নির্ণয়মূলক পরীক্ষা এবং ১,৫০০ টাকা পর্যন্ত মূল্যের ওষুধের সুবিধাও মিলবে।
পরিবর্তন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ম্যানেজিং ট্রাস্টি আভা মিত্তল বলেন, “অর্থের অভাবে যেন কোনও মানুষ চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেই লক্ষ্য নিয়েই আমাদের এই উদ্যোগ। প্রযুক্তির সাহায্যে আমরা দাতা ও প্রয়োজনীয় রোগীদের মধ্যে একটি স্বচ্ছ ও কার্যকর সেতুবন্ধন গড়ে তুলেছি।”
ফাউন্ডেশনের দাবি, সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে অনুদান ব্যবহারের প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা হবে, ফলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি সমাজের প্রকৃত প্রয়োজনমতো স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য ও মানবিক করে তোলার এই উদ্যোগ ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে।

