Aaj Talkss
Monday, 23 November 2026
Aaj Talkss
Monday, 23 November 2026
Home Citylights National International Politics Sports Entertainment Business YourVoice Technology Education Food Health Lifestyle
Entertainment

রেলপথে ইতিহাসের সফর!

রেলপথে ইতিহাসের সফর!

ঐতিহ্যের রেলপথে ইতিহাসের সফর, প্রিন্সেপ ঘাটে ইস্টার্ন রেলের বিশেষ প্রদর্শনী


তাপস রায়,কলকাতা:বিশ্ব ঐতিহ্য সপ্তাহ ২০২৬ উপলক্ষে কলকাতার প্রিন্সেপ ঘাট রেলওয়ে স্টেশনে বিশেষ ঐতিহ্য প্রদর্শনী ‘TIME TABLE – A Journey Through Heritage’ শুরু করল ইস্টার্ন রেলওয়ের শিয়ালদহ ডিভিশন। রবিবার, ২২ নভেম্বর এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে।


উদ্বোধনী অনুষ্ঠানে গীতিকা পাণ্ডে বলেন, ভারতীয় রেল শুধুমাত্র যাতায়াতের মাধ্যম নয়, বরং দেশের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। বাষ্পচালিত ইঞ্জিন থেকে আধুনিক প্রযুক্তিনির্ভর দ্রুতগতির ট্রেন—ভারতীয় রেলের বিবর্তন দেশের অগ্রগতি, উদ্ভাবন, অধ্যবসায় ও পরিবর্তনের এক অনন্য কাহিনি বহন করে।


তিনি আরও বলেন, বিশ্ব ঐতিহ্য সপ্তাহ উপলক্ষে শিয়ালদহ ডিভিশনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। ‘বিকাশ ভি, বিরাসত ভি’ ভাবনাকে সামনে রেখে ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়নের মধ্যে ভারসাম্য বজায় রাখার যে লক্ষ্য, এই প্রদর্শনী তারই প্রতিফলন। ইস্টার্ন রেলওয়ে ঐতিহাসিক স্টেশন ও রেল ভবনগুলির সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণের পাশাপাশি আধুনিক প্রযুক্তির সাহায্যে উন্নয়নমূলক কাজ চালিয়ে যাচ্ছে।


প্রদর্শনীতে ভারতীয় রেলের সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্যের নানা দিক তুলে ধরা হয়েছে। বিরল ঐতিহাসিক তথ্য, আকর্ষণীয় কাহিনি এবং আর্কাইভের ছবি দর্শকদের সামনে তুলে ধরবে কয়েক দশক ধরে রেল ব্যবস্থার বিবর্তনের চিত্র। বিশেষভাবে তুলে ধরা হয়েছে শিয়ালদহ ও পার্শ্ববর্তী অঞ্চলে রেল যোগাযোগের বিকাশ, যার সূত্রপাত উনিশ শতকের মাঝামাঝি সময়ে। সেই সময় কলকাতার সঙ্গে পার্শ্ববর্তী অঞ্চলগুলিকে সংযুক্ত করতে প্রাথমিক রেল সংস্থাগুলির অগ্রণী ভূমিকার ইতিহাসও প্রদর্শনীতে স্থান পেয়েছে।


এই উদ্যোগের মূল লক্ষ্য ভারতীয় রেলের ঐতিহাসিক উত্তরাধিকার সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি, অতীতের সঙ্গে মানুষের সংযোগ পুনরুদ্ধার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই অমূল্য ঐতিহ্য সংরক্ষণের দায়িত্ববোধ জাগিয়ে তোলা।


অনুষ্ঠানে ইস্টার্ন রেলওয়ের একাধিক উচ্চপদস্থ আধিকারিক উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (কনস্ট্রাকশন) মনোজ খান, প্রিন্সিপাল চিফ ইঞ্জিনিয়ার বিক্রম গুপ্ত, চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার (কনস্ট্রাকশন)/আরএসপি প্রবীণ খোরানা, প্রিন্সিপাল চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ধনেশ্বর মোহান্ত, আইজি-কাম-প্রিন্সিপাল চিফ সিকিউরিটি কমিশনার অমিয়া নন্দন সিনহা, প্রিন্সিপাল ফিনান্সিয়াল অ্যাডভাইজার মহম্মদ জাভেদ মাজহার, সিনিয়র ডেপুটি জেনারেল ম্যানেজার দীপক নিগম, প্রিন্সিপাল চিফ ম্যাটেরিয়াল ম্যানেজার সন্দীপ শুক্লা, প্রিন্সিপাল চিফ সেফটি অফিসার রাঘবেন্দ্র সরস্বত, শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা এবং হাওড়া ডিভিশনের ডিআরএম বিশাল কাপুর সহ অন্যান্য আধিকারিকরা।


অনুষ্ঠানের শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা।


এই প্রদর্শনীর মাধ্যমে দেশের রেল ঐতিহ্যকে উদযাপন, তার ঐতিহাসিক গুরুত্বকে জনসমক্ষে তুলে ধরা এবং ঐতিহ্য সংরক্ষণের প্রতি মানুষের আগ্রহ বাড়ানোর বার্তা দিল ইস্টার্ন রেলওয়ে।