Aaj Talkss
Monday, 16 November 2026
Aaj Talkss
Monday, 16 November 2026
Home Citylights National International Politics Sports Entertainment Business YourVoice Technology Education Food Health Lifestyle
Health

কলকাতাতেই জিন-পরীক্ষার অত্যাধুনিক পরিষেবা, নতুন দিগন্ত খুলল সুরক্ষার SIG বিরল জিনগত রোগ থেকে ক্যানসার চিকিৎসা—জিনোমিক পরীক্ষার নতুন ঠিকানা কলকাতা

কলকাতাতেই জিন-পরীক্ষার অত্যাধুনিক পরিষেবা, নতুন দিগন্ত খুলল সুরক্ষার SIG বিরল জিনগত রোগ থেকে ক্যানসার চিকিৎসা—জিনোমিক পরীক্ষার নতুন ঠিকানা কলকাতা

কলকাতাতেই এবার উন্নত জিনোমিক পরীক্ষার পরিষেবা। প্রজনন স্বাস্থ্য, গর্ভাবস্থায় ভ্রূণের জিনগত পরীক্ষা, বিরল বংশগত রোগ ও ক্যানসার নির্ণয়ে নতুন দিশা দেখাবে সুরক্ষা ইনস্টিটিউট অফ জিনোমিক্স (SIG)।


তাপস রায়,রাজকুটির:কলকাতা: জিনোমিক পরীক্ষার অত্যাধুনিক পরিষেবা এবার কলকাতাতেই। চিকিৎসাক্ষেত্রে জিনগত বিশ্লেষণের ক্রমবর্ধমান গুরুত্বের কথা মাথায় রেখে কলকাতায় আত্মপ্রকাশ করল সুরক্ষা ডায়াগনস্টিক লিমিটেডের ‘সুরক্ষা ইনস্টিটিউট অফ জিনোমিক্স’ (SIG)। এর ফলে প্রজনন স্বাস্থ্য, গর্ভাবস্থায় ভ্রূণের জিনগত পরীক্ষা, বিরল বংশগত রোগ শনাক্তকরণ থেকে শুরু করে ক্যানসারের চিকিৎসায় প্রয়োজনীয় জিনগত বিশ্লেষণের জন্য আর ভিনরাজ্যের পরীক্ষাগারের উপর নির্ভর করতে হবে না পূর্ব ভারতের রোগীদের।

বর্তমানে ক্যানসারের চিকিৎসায় কোন নির্দিষ্ট ওষুধ কার্যকর হবে, তা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে জিনগত পরীক্ষা। একইভাবে শিশুদের জন্মগত ত্রুটি, বিকাশজনিত সমস্যা কিংবা অটিজমের ক্ষেত্রে ক্রোমোজোমের বিশ্লেষণও চিকিৎসকদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এতদিন এই ধরনের বহু পরীক্ষার নমুনা মুম্বই, দিল্লি, আমেদাবাদ বা চেন্নাইয়ের পরীক্ষাগারে পাঠাতে হত। ফলে রিপোর্ট পেতে অতিরিক্ত সময় লাগত। SIG চালু হওয়ায় কলকাতাতেই এই পরীক্ষার সুযোগ তৈরি হল।

ক্যানসার চিকিৎসার ক্ষেত্রে এই প্রতিষ্ঠানে থাকছে শতাধিক ক্যানসার-সম্পর্কিত জিনের বিশ্লেষণের সুবিধা। পাশাপাশি রয়েছে ৫০ জিনের সলিড টিউমার প্যানেল, যেখানে একটি বায়োপসি নমুনা থেকেই DNA ও RNA বিশ্লেষণ করা সম্ভব। সংস্থার দাবি, এই পরীক্ষার রিপোর্ট পাওয়া যেতে পারে মাত্র তিন কর্মদিবসের মধ্যেই। ফুসফুস, কোলোরেক্টাল, স্তন, থাইরয়েড, মস্তিষ্ক ও অগ্ন্যাশয়ের ক্যানসার-সহ বিভিন্ন ধরনের ক্যানসারের জন্য থাকছে বিশেষ জিনগত পরীক্ষার ব্যবস্থা। BRCA1 ও BRCA2 পরীক্ষা এবং বংশগত ক্যানসারের ঝুঁকি নির্ণয়ের পরীক্ষাও এই পরিষেবার অন্তর্ভুক্ত।

গর্ভবতী মহিলা ও হবু অভিভাবকদের জন্যও রয়েছে একাধিক গুরুত্বপূর্ণ পরীক্ষা। গর্ভাবস্থার দশম সপ্তাহ থেকেই মায়ের রক্তের নমুনা নিয়ে নন-ইনভেসিভ প্রিনেটাল টেস্টিং বা NIPT করা যাবে। এর মাধ্যমে ডাউন সিনড্রোম-সহ তিনটি গুরুত্বপূর্ণ ক্রোমোজোমজনিত সমস্যার ঝুঁকি নির্ণয় করা সম্ভব। পাশাপাশি গর্ভপাতের সম্ভাব্য জিনগত কারণ অনুসন্ধানের জন্যও থাকছে বিশেষ পরীক্ষার ব্যবস্থা।

শিশুদের বিরল ও বংশগত রোগ শনাক্তকরণেও বিশেষ গুরুত্ব দিচ্ছে এই প্রতিষ্ঠান। হোল এক্সোম সিকোয়েন্সিং, ক্রোমোজোমাল মাইক্রোঅ্যারে, নির্দিষ্ট জিনের পরীক্ষা এবং বিটা থ্যালাসেমিয়ার জিনগত বিশ্লেষণের সুবিধা থাকছে। স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি (SMA) ও ডুশেন মাসকুলার ডিসট্রফির (DMD) মতো রোগ শনাক্তকরণেও রয়েছে বিশেষ পরীক্ষার ব্যবস্থা। এ ছাড়া রোগীর জিনগত বৈশিষ্ট্য অনুযায়ী ওষুধ নির্বাচন ও তার মাত্রা নির্ধারণে সাহায্য করবে ফার্মাকোজেনোমিক পরীক্ষা।

এই বিপুল পরীক্ষার পরিকাঠামো গড়ে তুলতে একাধিক অত্যাধুনিক প্রযুক্তি ও যন্ত্র ব্যবহার করা হচ্ছে। রয়েছে Ion Torrent Genexus System, Ion GeneStudio S5, Illumina NextSeq 2000 এবং GeneChip System-সহ বিভিন্ন উন্নত প্রযুক্তি। আন্তর্জাতিক চিকিৎসাবিজ্ঞানের স্বীকৃত নির্দেশিকা মেনেই পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করবেন বিশেষজ্ঞরা।

প্রতিষ্ঠানের সূচনা প্রসঙ্গে সুরক্ষা ডায়াগনস্টিক লিমিটেডের চেয়ারম্যান ও জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর ডাঃ সোমনাথ চট্টোপাধ্যায় জানান, জিনোমিক্স রোগ নির্ণয়, চিকিৎসা নির্বাচন এবং রোগ প্রতিরোধের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি করছে। ক্যানসারের উপযুক্ত চিকিৎসা নির্ধারণ থেকে শুরু করে শিশুদের অসুস্থতার কারণ অনুসন্ধান—সব ক্ষেত্রেই এই প্রযুক্তির গুরুত্ব বাড়ছে। কলকাতায় এই পরিষেবা চালুর মাধ্যমে উন্নত জিনগত পরীক্ষাকে সাধারণ চিকিৎসা পরিষেবার আরও কাছাকাছি নিয়ে আসাই তাঁদের লক্ষ্য।

সংস্থার জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এগজিকিউটিভ অফিসার ঋতু মিত্তল জানান, সুরক্ষা ইনস্টিটিউট অফ জিনোমিক্সের মাধ্যমে পূর্ব ভারতের প্রথম পূর্ণাঙ্গ জিনোমিক পরীক্ষাগার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে এই অঞ্চলের চিকিৎসক ও রোগীরা উন্নত জিনগত পরীক্ষার সুবিধা আরও সহজে পাবেন।

১৯৯২ সালে কলকাতায় পথচলা শুরু করা সুরক্ষা ডায়াগনস্টিক লিমিটেডের এই নতুন উদ্যোগ পূর্ব ভারতের চিকিৎসা ও রোগ নির্ণয় পরিষেবায় এক গুরুত্বপূর্ণ সংযোজন হতে চলেছে।

Related News

নিঃশব্দ ঘাতক ডায়াবেটিস  সময় থাকতেই সচেতন হওয়ার বার্তা চিকিৎসকের Breaking
Health
নিঃশব্দ ঘাতক ডায়াবেটিস সময় থাকতেই সচেতন হওয়ার বার্তা চিকিৎসকের

বিশ্ব ডায়াবেটিস দিবস এ এই ঘাতক ব্যাধি নিয়ে বিস্তারিত আলোচনা করলেন কলকাতা হার্ট লাং সেণ্টার এর ডায়াবেটিস অ্যান্ড ইন্টারন...

1 days ago 56
নামমাত্র সময়ে সিটি স্ক্যান, 'সুরক্ষা' এবার মুকুন্দপুরে
Health
নামমাত্র সময়ে সিটি স্ক্যান, 'সুরক্ষা' এবার মুকুন্দপুরে

তাপস রায় কলকাতা : উন্নতমানের রোগ নির্ণয় পরিষেবা আরও সহজলভ্য করতে কলকাতার মুকুন্দপুরে অত্যাধুনিক এমআরআই ও সিটি স্ক্যান ...

1 months ago 40