তাপস রায়,কলকাতা: শিশু দিবসের বিশেষ মুহূর্তে সোনাগাছির শিশুদের সঙ্গে আনন্দ ভাগ করে নিলেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়। অপর্ণা ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে শিশুদের সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে কেক কাটার আনন্দে সামিল হন তিনি। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানের আনন্দ ও উৎসাহ যেন আরও কয়েক গুণ বেড়ে ওঠে।
প্রয়াত অপর্ণা চট্টোপাধ্যায়ের স্মৃতিতে প্রতিষ্ঠিত অপর্ণা ফাউন্ডেশনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়। সংস্থার তরফে জানানো হয়েছে, কয়েক বছর আগে সোনাগাছিতে আয়োজিত একটি ভাইফোঁটা অনুষ্ঠানে যেতে না পারায় সেখানকার অনেক দিদি মনঃকষ্ট পেয়েছিলেন। সেই অনুভূতির কথা মাথায় রেখেই শিশু দিবসের দিনে তাঁদের সন্তানদের সঙ্গে কিছুটা আনন্দঘন সময় কাটানোর পরিকল্পনা করা হয়।
অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের উপস্থিতি এই উদ্যোগে বিশেষ মাত্রা যোগ করে। শিশুদের সঙ্গে সময় কাটানো, তাদের আনন্দে সামিল হওয়া এবং কেক কাটার আয়োজনের মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয়। উদ্যোক্তাদের বক্তব্য, শিশুদের মুখে হাসি ফোটানোই ছিল এই আয়োজনের প্রধান উদ্দেশ্য।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহাশ্বেতা মুখোপাধ্যায়। তাঁর উপস্থিতি ও সহযোগিতার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আয়োজকরা।উৎসবের আনন্দকে সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে ভাগ করে নেওয়া এবং শিশুদের জন্য সুন্দর কিছু মুহূর্ত তৈরি করার এই উদ্যোগের মধ্য দিয়ে অপর্ণা ফাউন্ডেশন প্রয়াত অপর্ণা চট্টোপাধ্যায়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাল।