Aaj Talkss
Thursday, 12 November 2026
Aaj Talkss
Thursday, 12 November 2026
Home Citylights National International Politics Sports Entertainment Business YourVoice Technology Education Food Health Lifestyle
YourVoice

খোলা মনে দিগম্বরপুর অঙ্গীকার

খোলা মনে দিগম্বরপুর অঙ্গীকার

তাপস রায়,কলকাতা:সুন্দরবনের প্রত্যন্ত উপকূলীয় অঞ্চলে নারী ও কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও পরিষেবা প্রদানের লক্ষ্যে দুই বছর ধরে উল্লেখযোগ্য কাজ করে চলেছে দিগম্বরপুর অঙ্গীকার। এই উপলক্ষে ১০ নভেম্বর কলকাতায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পের দু’বছরের সাফল্য ও আগামী দিনের পরিকল্পনা তুলে ধরা হয়।


Amplify Change-এর সহযোগিতায় পরিচালিত Sexual and Reproductive Health and Rights (SRHR) প্রকল্পটি দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমা ব্লকের ১০টি গ্রাম পঞ্চায়েতের ৫০টি উপকূলীয় গ্রামের নারী ও কিশোরীদের ক্ষমতায়নে কাজ করছে। ২০২৪ সালের নভেম্বর মাসে শুরু হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য যৌন ও প্রজনন স্বাস্থ্য, মর্যাদা, সচেতনতা এবং নিজের শরীর সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের অধিকার প্রতিষ্ঠা করা।


প্রকল্পের পরিসংখ্যান অনুযায়ী, গত দু’বছরে ২৬ হাজারেরও বেশি গৃহ সমীক্ষার মাধ্যমে ১২ হাজারের বেশি কিশোরী এবং ১৪ হাজার ৬০০-রও বেশি মহিলার সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করা হয়েছে। যৌন ও প্রজনন স্বাস্থ্য সংক্রান্ত সচেতনতা এবং পরিষেবা পাওয়ার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে ২ হাজারেরও বেশি সচেতনতামূলক সভার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ৫০টি কিশোরী দল গঠন করা হয়েছে, যেখানে ৭০০-রও বেশি কিশোরী সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে।


প্রকল্পের আওতাধীন প্রতিটি গ্রামে একটি করে প্রভাবশালী কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় পরিষেবা প্রদানকারী ও নীতিনির্ধারকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রতিটি কমিটিতে ১২ থেকে ১৪ জন সক্রিয় সদস্য রয়েছেন। এছাড়া ১২০০-র বেশি পরিবারকে পরিষেবা প্রদানকারী ও নীতিনির্ধারকদের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। গ্রামস্তরে সঠিক তথ্য ও পরিষেবা পৌঁছে দিতে এসএমও সভারও আয়োজন করা হয়েছে।


সচেতনতা বৃদ্ধির জন্য দেওয়াল লিখন, তথ্য-শিক্ষা-যোগাযোগমূলক সামগ্রী বিতরণ, বিভিন্ন জনজীবনের সঙ্গে আলোচনা এবং গ্রামীণ মেলার মতো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আশা কর্মী, এএনএম, আইসিডিএস কর্মী এবং বিদ্যালয় পরিচালন সমিতির সদস্যদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবার গুণগত মান এবং প্রাতিষ্ঠানিক দায়বদ্ধতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে।


এই দু’বছরে ২ হাজারেরও বেশি প্রজনন ও যৌন স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা চিহ্নিত করা হয়েছে, যার মধ্যে ৭৫৯টি ক্ষেত্রে চিকিৎসা পরিষেবা নিশ্চিত করতে সক্ষম হয়েছে প্রকল্পটি। কর্মী ও স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণের মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন, পর্যবেক্ষণ এবং জনসম্পৃক্ততার মানোন্নয়নের উপরেও গুরুত্ব দেওয়া হয়েছে। মোট ৫০টি গ্রামের মধ্যে ৪০টি গ্রামে সুসজ্জিত প্রজনন ও যৌন স্বাস্থ্য তথ্যকেন্দ্র বা ‘ভিলেজ লেভেল SRHR বুথ’ স্থাপন করা হয়েছে।


উল্লেখ্য, জাতীয় কিশোর স্বাস্থ্য কর্মসূচি (RKSK) এবং জাতীয় স্বাস্থ্য মিশন (NHM)-এর মতো সরকারি উদ্যোগ থাকা সত্ত্বেও যৌন ও প্রজনন স্বাস্থ্য পরিষেবা, ঋতুস্রাবকালীন স্বাস্থ্যবিধি এবং পূর্ণাঙ্গ যৌনশিক্ষার ক্ষেত্রে এখনও নানা প্রতিবন্ধকতা রয়েছে। সুন্দরবনের ভৌগোলিক বিচ্ছিন্নতা ও জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি এই সমস্যাকে আরও জটিল করে তুলেছে। এই পরিস্থিতিতে দিগম্বরপুর অঙ্গীকারের উদ্যোগ নারী ও কিশোরীদের নিজেদের স্বাস্থ্য ও ভবিষ্যৎ সম্পর্কে সচেতন এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সক্ষম করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


সংস্থার মতে, এই উদ্যোগ কেবল একটি স্বাস্থ্য প্রকল্প নয়, বরং সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকারকে বিশেষ সুযোগের পরিবর্তে প্রত্যেকের প্রাপ্য অধিকার হিসেবে প্রতিষ্ঠার এক ধারাবাহিক প্রয়াস।