Aaj Talkss
Sunday, 22 November 2026
Aaj Talkss
Sunday, 22 November 2026
Home Citylights National International Politics Sports Entertainment Business YourVoice Technology Education Food Health Lifestyle

পুরুষের মানসিক স্বাস্থ্যে গুরুত্ব, পৌরুষের প্রচলিত ধারণাকে প্রশ্ন Annantaa-র





‘Beyond Masculinity’ আলোচনায় উঠে এল আবেগ, সহমর্মিতা ও মানসিক সুস্থতার প্রসঙ্গ


তাপস রায়,বিধাননগর,২১ নভেম্বর ২০২৬: পুরুষ মানেই আবেগহীন, দৃঢ় ও সব পরিস্থিতিতে অবিচল—সমাজের প্রচলিত এই ধারণাকে প্রশ্ন তুলে পুরুষদের মানসিক সুস্থতা, আবেগের প্রকাশ এবং মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ উদ্যোগ নিল Annantaa। Counselling Psychologist ও Clinical Hypnotherapist মাধুরী সারদার প্রতিষ্ঠিত এই মানসিক ও আবেগগত সুস্থতা কেন্দ্রের উদ্যোগে Men's Mental Health Awareness Month উপলক্ষে আয়োজন করা হয় ‘The Men Who Make a Difference’। এই উদ্যোগের অংশ হিসেবে অনুষ্ঠিত হয় ‘Beyond Masculinity: Acknowledging the Human Side of Men's Mental Wellness’ শীর্ষক অনুষ্ঠান। অনুষ্ঠানের আলোচনার বিষয় ছিল ‘Raising Boys, Shaping Men: Rethinking Strength, Success and Emotional Wellbeing’।


আলোচনায় উঠে আসে কীভাবে সামাজিক শিক্ষা, পারিবারিক পরিবেশ, শৈশবের অভিজ্ঞতা এবং শক্তি ও সাফল্য সম্পর্কে প্রচলিত ধারণা পুরুষদের আবেগ প্রকাশ, মানসিক সুস্থতা এবং মনোবিদের সাহায্য নেওয়ার ক্ষেত্রে প্রভাব ফেলে।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন The George Telegraph Group-এর Trustee ও Managing Director সুব্রত দত্ত, Amity University Kolkata-র Dean – Academics অধ্যাপক (ড.) অঙ্কুর গাঙ্গুলি, Bhawanipur Global Campus – School of Media-র Dean অধ্যাপক (ড.) মহুল ব্রহ্ম, Sister Nivedita University-র Transdisciplinary Environmental Scientist ও Educator, SNU Transdisciplinary Centre-এর Director এবং Psychology-র Professor রাজ শেখর আইচ এবং iLEAD Kolkata-র Dean of Academics and Operations অধ্যাপক অন্নেশ বিলাস ঠাকুর।


পুরুষদের মানসিক স্বাস্থ্যের গুরুত্ব বোঝাতে সাম্প্রতিক পরিসংখ্যানও উঠে আসে আলোচনায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-র তথ্য অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বজুড়ে বছরে প্রায় ৭ লক্ষ ৪৬ হাজার মানুষ আত্মহত্যার কারণে প্রাণ হারিয়েছেন। ১৫ থেকে ২৯ বছর বয়সীদের মৃত্যুর অন্যতম প্রধান কারণ আত্মহত্যা। ভারতের National Crime Records Bureau (NCRB)-র Accidental Deaths & Suicides in India 2024 রিপোর্ট অনুযায়ী, দেশে আত্মহত্যার কারণে মৃত্যু হয়েছে ১,৭০,৭৪৬ জনের। তাঁদের মধ্যে ১,২৫,৪৪৯ জন, অর্থাৎ ৭৩.৫ শতাংশ পুরুষ। পশ্চিমবঙ্গে নথিভুক্ত আত্মহত্যার সংখ্যা ১২,৯৩১, যা দেশের মোট সংখ্যার ৭.৬ শতাংশ। এই পরিসংখ্যান মানসিক বিপর্যয়, সামাজিক চাপ, সময়মতো মনস্তাত্ত্বিক সহায়তা এবং সহজলভ্য মানসিক স্বাস্থ্য পরিষেবার গুরুত্বকে আরও স্পষ্ট করে তুলেছে।


এই প্রসঙ্গে Annantaa-র Founder, Counselling Psychologist ও Clinical Hypnotherapist মাধুরী সারদা বলেন, “প্রজন্মের পর প্রজন্ম ধরে ছেলেদের অনেক সময় শেখানো হয়েছে যে শক্তির অর্থ আবেগকে দমন করা এবং দুর্বলতা প্রকাশ করা মানেই দুর্বল হওয়া। এই ধারণাকে বদলাতে হবে। এমন পরিবেশ তৈরি করা জরুরি, যেখানে পুরুষরা নিজেদের আবেগকে স্বীকার করতে, সমস্যার কথা বলতে এবং পেশাদার সাহায্য নিতে স্বচ্ছন্দ বোধ করবেন। পুরুষত্বের সামাজিক প্রত্যাশার কারণে মানসিক সুস্থতা কখনও আপসের বিষয় হতে পারে না।”


Annantaa-র Co-Founder ও Psychotherapist বিদি বনসল বলেন, “ছেলেদের যেভাবে বড় করে তোলা হয়, তা ভবিষ্যতে তাঁরা কেমন মানুষ হয়ে উঠবেন, তার উপর গভীর প্রভাব ফেলে। ছোটবেলা থেকেই আবেগ প্রকাশ, সহমর্মিতা এবং আত্মসচেতনতার শিক্ষা দেওয়া হলে লিঙ্গভিত্তিক প্রচলিত ধারণাগুলিকে চ্যালেঞ্জ করা সম্ভব। ছেলেরা যেন বুঝতে পারে আবেগ অনুভব করা, সাহায্য চাওয়া এবং নিজের দুর্বলতা প্রকাশ করা—এসবই মানুষের স্বাভাবিক বৈশিষ্ট্য, সেই পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি।”


শিক্ষা, নেতৃত্ব ও মানসিক স্বাস্থ্য ক্ষেত্রের বিভিন্ন ব্যক্তিত্বের মতামতের সমন্বয়ে এই আলোচনা পুরুষত্ব ও আবেগ প্রকাশ নিয়ে দীর্ঘদিনের সামাজিক ধারণাগুলিকে নতুনভাবে ভাবার সুযোগ করে দেয়। Annantaa-র এই উদ্যোগের বার্তা, নেতৃত্বের প্রকৃত অর্থ শুধুমাত্র কর্তৃত্ব, শক্তি কিংবা দায়িত্ব পালনের মধ্যে সীমাবদ্ধ নয়; এর ভিত্তি হিসেবে সমান গুরুত্বপূর্ণ আবেগগত বুদ্ধিমত্তা, আত্মসচেতনতা, সহমর্মিতা ও মানবিকতা।


‘Beyond Masculinity’ উদ্যোগের মধ্য দিয়ে উঠে আসে এমন এক সমাজ গড়ার প্রয়োজনীয়তা, যেখানে পুরুষরা বিচার বা সামাজিক ভয়ের আশঙ্কা ছাড়াই নিজেদের আবেগ প্রকাশ করতে পারবেন, মানসিক সমস্যার কথা স্বীকার করতে পারবেন এবং প্রয়োজনে মনস্তাত্ত্বিক সহায়তা নিতে পারবেন। দুর্বলতা নয়, বরং সংবেদনশীলতা ও নিজের অনুভূতিকে স্বীকার করার মধ্যেই যে প্রকৃত শক্তি নিহিত, সেই বার্তাই তুলে ধরল Annantaa।