তাপস রায়, কোলকাতা: ধ্রুপদি ও সৃজনশীল নৃত্যের অনন্য মেলবন্ধনে অনুষ্ঠিত হল ‘নিহারিকা উৎসব ২৬’। বিশিষ্ট নৃত্যশিল্পী ড. অর্কদেব ভট্টাচার্য-এর পরিচালনায় আয়োজিত এই উৎসবের মাধ্যমে নিহারিকা-র গৌরবময় ৩১ বছর উদযাপিত হয়।
শনিবার কলকাতা ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানের সূচনা হয় ঐতিহ্যবাহী ‘বক্রতুণ্ড অষ্টা’ এবং ‘মহা গণপতিম’ পরিবেশনের মধ্য দিয়ে। এরপর অতিথি সংবর্ধনা, পুষ্পাঞ্জলি, আলারিপ্পু, জাতিস্বরম, শব্দম, অর্ধনারীশ্বর, শ্রীনন্দনম এবং দেশ তিল্লানা-সহ একাধিক শাস্ত্রীয় নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল সৃজনশীল নৃত্যনাট্যের পরিবেশনা। ‘বহু মনোরথ’, ‘মেঘের পালক’, ‘নীল দিগন্তে’, ‘আমাদের গল্পগুলো’, ‘দেখেছ কি তাকে’, ‘কোন গোপনে’ এবং ‘খাওনে গোরা চাঁদ’-এর মতো পরিবেশনাগুলি দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে।
আয়োজকদের মতে, শুধুমাত্র শাস্ত্রীয় নৃত্যের চর্চাই নয়, সমসাময়িক ভাবনা ও সৃজনশীলতাকেও সমান গুরুত্ব দিয়ে আগামী প্রজন্মের কাছে ভারতীয় নৃত্য ঐতিহ্যকে পৌঁছে দেওয়াই ‘নিহারিকা’-র মূল লক্ষ্য। ৩১ বছরের এই দীর্ঘ পথচলায় সেই ঐতিহ্যকেই আরও একবার উদযাপন করল ‘নিহারিকা উৎসব ২৬’।

