তাপস রায় ,ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র,কলকাতা: দুর্গাপুজোর আগে ভ্রমণপিপাসু মানুষ এবং পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের জন্য এক ছাদের তলায় মিলল নানা সুযোগ-সুবিধা। অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম সার্ভিস প্রোভাইডার্স অফ বেঙ্গল (ATSPB)-এর উদ্যোগে আয়োজিত ১১তম বেঙ্গল ট্যুরিজম ফেস্ট (BTF)-এ অংশ নিয়েছে দেশের বিভিন্ন সরকারি পর্যটন দফতর, বেসরকারি ট্যুর অপারেটর, হোটেল ও হোমস্টে সংস্থাগুলি।এবারের মেলায় অংশগ্রহণ করেছে ৪টি সরকারি পর্যটন বোর্ড এবং ১১২টি বেসরকারি পর্যটন সংস্থা। অনুষ্ঠানের উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী ড. শঙ্কর ঘোষ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রণব প্রকাশ, ভারত সরকারের পর্যটন মন্ত্রকের পূর্বাঞ্চলের আঞ্চলিক অধিকর্তা। এছাড়াও অতিথি হিসেবে ছিলেন বিহার ট্যুরিজমের যুগ্ম অধিকর্তা রাজেশ রোশন এবং বোডোল্যান্ড ট্যুরিজমের অধিকর্তা জয়ন্ত শর্মা।আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ১৯ থেকে ২১ জুন পর্যন্ত খুদিরাম অনুশীলন কেন্দ্র, কলকাতায় প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এই পর্যটন মেলা চলবে।পুজোর ছুটির আগে দেশ-বিদেশ ভ্রমণের পরিকল্পনা করতে আগ্রহীদের জন্য এখানে রয়েছে আকর্ষণীয় ছাড়ে ট্যুর প্যাকেজ, হোটেল বুকিং, ভিসা পরিষেবা এবং ভ্রমণ সংক্রান্ত নানা তথ্য। পাশাপাশি বিভিন্ন সরকারি পর্যটন বোর্ডের স্টল থেকে নতুন পর্যটন কেন্দ্র সম্পর্কে জানার সুযোগও মিলছে।সংগঠনের দাবি, শুধু ব্যবসায়িক দিক নয়, গ্রামীণ এলাকার হোমস্টে মালিক এবং ক্ষুদ্র পর্যটন উদ্যোক্তাদের স্বল্প খরচে স্টল দিয়ে তাঁদের ব্যবসা প্রসারের সুযোগ করে দেওয়াই এই মেলার অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে মেধাবী পড়ুয়াদের আর্থিক সহায়তা এবং অসুস্থ পর্যটনকর্মীদের পরিবারের পাশে দাঁড়ানোর মতো সামাজিক কর্মকাণ্ডেও নিয়মিত অংশ নেয় সংগঠনটি।আয়োজকদের আশা, এই মেলা আরও বেশি মানুষকে পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত হতে উৎসাহিত করবে এবং রাজ্যের পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Posted inCitylights
