হৃদরোগের চিকিৎসায় নতুন যুগের সূচনা, বিএম বিড়লা হার্ট হাসপাতালে চালু রোবোটিক কার্ডিয়াক সার্জারি
তাপস রায়,কলকাতা: পূর্ব ভারতের হৃদরোগ চিকিৎসায় এক নতুন দিগন্তের সূচনা করল বিএম বিড়লা হার্ট হাসপাতাল। অত্যাধুনিক ‘দা ভিঞ্চি সার্জিক্যাল সিস্টেম’ সংযোজনের মাধ্যমে হাসপাতালটি এবার শুরু করল রোবোটিক-সহায়ক কার্ডিয়াক সার্জারি। এই প্রযুক্তির ফলে জটিল হৃদরোগের অস্ত্রোপচারে রোগীরা আরও নিখুঁত, কম আঘাতমূলক এবং দ্রুত আরোগ্যলাভের সুযোগ পাবেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, রোবোটিক প্রযুক্তির সাহায্যে সার্জনরা ত্রিমাত্রিক (3D) হাই-ডেফিনিশন ভিউ এবং অত্যন্ত সূক্ষ্ম রোবোটিক যন্ত্রের মাধ্যমে অপারেশন করতে পারেন। ফলে অস্ত্রোপচারের নির্ভুলতা বাড়ে এবং রোগীর শরীরে বড় ধরনের চেরা না কেটেই জটিল অপারেশন সম্পন্ন করা সম্ভব হয়।
বিশেষজ্ঞদের মতে, এই প্রযুক্তির অন্যতম বড় সুবিধা হল রোগীর শরীরে আঘাত কম লাগে, রক্তক্ষরণ ও অস্ত্রোপচারের পর ব্যথা অনেকটাই কম হয় এবং দাগও থাকে খুবই সামান্য। পাশাপাশি অধিকাংশ ক্ষেত্রেই রোগী মাত্র তিন থেকে চার দিনের মধ্যে হাসপাতাল থেকে ছুটি পেতে পারেন এবং কয়েক সপ্তাহের মধ্যেই স্বাভাবিক জীবনে ফিরে যাওয়া সম্ভব হয়।
বিএম বিড়লা হার্ট হাসপাতালের চিকিৎসক দল বর্তমানে রোবোটিক প্রযুক্তির মাধ্যমে নির্বাচিত করোনারি আর্টারি বাইপাস গ্রাফট (CABG), হার্ট ভালভ রিপেয়ার ও রিপ্লেসমেন্ট, কার্ডিয়াক টিউমার অপসারণ এবং বিভিন্ন স্ট্রাকচারাল হার্ট-সংক্রান্ত জটিল অস্ত্রোপচার সম্পন্ন করার প্রস্তুতি নিয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এই পরিষেবা চালুর ফলে পূর্ব ভারতের রোগীদের আন্তর্জাতিক মানের আধুনিক হৃদরোগ চিকিৎসার জন্য আর অন্য রাজ্য বা বিদেশে যেতে হবে না। কলকাতাতেই মিলবে বিশ্বমানের রোবোটিক কার্ডিয়াক সার্জারির সুবিধা।
দীর্ঘদিন ধরে উন্নত হৃদরোগ চিকিৎসায় আস্থার নাম বিএম বিড়লা হার্ট হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তি, অভিজ্ঞ চিকিৎসক এবং আন্তর্জাতিক মানের চিকিৎসা পরিষেবার সমন্বয়ে হাসপাতালটি পূর্ব ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ কার্ডিয়াক রেফারেল সেন্টার হিসেবে নিজেদের আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে চায়।

