বরুণ মণ্ডল : সুদ ও জরিমানা(পেন্যাল্টি)- সহ কলকাতা পৌরসংস্থার বর্তমান বকেয়া সম্পত্তি করের পরিমাণ ৬ হাজার ৮৫৩ কোটি ২৭ লক্ষ টাকা। দীর্ঘ কয়েক বছরের বকেয়া কর আদায়ে আজ থেকে চালু হল ওয়েভার স্কিম। এতে সুদ ও জরিমানা পুরোপুরি মকুব করলো কলকাতা পৌরসংস্থা। রাজ্য সরকারও এই বিষয়ে অনুমোদন দিয়েছে। এতে উপকৃত হবে কলকাতার ৩ লক্ষ ৮৬ হাজার ২৮৮ জন(মোট করদাতার কমবেশি ৩৯ শতাংশ) সম্পত্তি কর দাতা(প্রসঙ্গত, ২০২৫ – এর ৩১ ডিসেম্বর পর্যন্ত কলকাতা পৌরসংস্থার করদাতা ছিল ৯ লক্ষ ৯৯ হাজার ৬৩১ জন)। প্রাথমিক ভাবে বর্তমান পৌর কর্তৃপক্ষের ধারণা এই ওয়েভার স্কিমে ৭০০ কোটি টাকা সম্পত্তি কর আদায় হবে। পৌর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ওয়েভার স্কিম ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকরী থাকবে। প্রয়োজনে এই সময়সীমা আরও দু’মাস বাড়ানো হতে পারে বলে ৮ অক্টোবর সন্ধ্যায় পৌর প্রশাসক তথা মহাধ্যক্ষা স্মিতা পাণ্ডে জানান। কলকাতা পৌরসংস্থার সম্পত্তি কর দাতারা বকেয়া পৌরকর পরিশোধের জন্য ওয়েভার স্কিমে আবেদন করলে আবাসিক ও সরকারি সম্পত্তির ক্ষেত্রে সুদ ও জরিমানা ১০০ শতাংশ মকুব হয়ে যাবে। আজ ৯ অক্টোবর থেকে অনলাইন ও অফলাইনে ওয়েভার স্কিমে আবেদন করা যাবে। প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে কলকাতা পৌরসংস্থার বকেয়া সম্পত্তি করের পরিমাণ ৩,১৩৮ কোটি ৭৬ লক্ষ টাকা। বকেয়া করের ওপর বকেয়া সুদের পরিমাণ ৩,৩১৪ কোটি ১৩ লক্ষ টাকা। এবং বকেয়া করের ওপর বকেয়া জরিমানার পরিমাণ ৪০০ কোটি ৩৮ লক্ষ টাকা। পৌর সূত্রে খবর, ২০২৬ – ‘২৭ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক পর্যন্ত বকেয়া থাকা করদাতারা এই সুদ ও জরিমানা মকুবের সুবিধা পাবেন। বাণিজ্যিক সম্পত্তির ক্ষেত্রে ৭০ শতাংশ সুদ মকুব এবং মিশ্র ব্যবহারকৃত সম্পত্তির ক্ষেত্রে ৮০ শতাংশ সুদ মকুব হবে। জরিমানা ৯৯ শতাংশ মকুব হবে।
Posted inCitylights