ভর্তুকির রাজনীতিতে ক্ষুদ্র শিল্পে সংকট, উদ্বেগ বেকারি মালিকদের

কলকাতা, ২৩ আগস্ট: দেশে ভর্তুকি-নির্ভর রাজনীতির ধারা অব্যাহত থাকলে ছোট ও ক্ষুদ্র শিল্প আরও গভীর সংকটে পড়বে এবং অর্থনীতির গতিও শ্লথ হতে পারে—এমনই আশঙ্কা প্রকাশ করা হল পশ্চিমবঙ্গ বেকার্স অ্যাসোসিয়েশনের ২৬তম বার্ষিক রাজ্য সম্মেলনে। রবিবার কলকাতার মিলন মেলায় অনুষ্ঠিত সম্মেলনে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বেকারি শিল্পের সঙ্গে যুক্ত প্রায় ২০০ প্রতিনিধি অংশ নেন।

সম্মেলনে উপস্থিত ছিলেন হাওড়া চেম্বার অফ কমার্সের চেয়ারম্যান ও সমাজসেবী শংকর সান্যাল, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রশান্ত কুমার বিশ্বাস, ক্ষুদ্র শিল্পের আধিকারিক দেবদত্ত ব্যানার্জি, সংগঠনের সভাপতি বজরং প্রসাদ আগরওয়াল, সহ-সভাপতি শেখ আবু জাফর ও অমিতাভ জানা, সম্পাদক নূর হোসেন মল্লিক এবং সিইও আরিফুল ইসলাম-সহ বিশিষ্টরা।

বক্তারা অভিযোগ করেন, রাজ্যে ক্ষুদ্র শিল্পের জন্য ‘সিঙ্গেল উইন্ডো’ লাইসেন্সিং ব্যবস্থা চালুর কথা বলা হলেও এখনও তা কার্যকর হয়নি। ভারী শিল্পের সঙ্গে ক্ষুদ্র শিল্পের বিদ্যুৎ মাসুলের ব্যবধান কমিয়ে সমতা আনার দাবিও ওঠে।

সম্মেলনে জানানো হয়, বেকারি শিল্পে মুনাফার হার ইতিমধ্যেই ৫ থেকে ৭ শতাংশ কমেছে। এর ফলে শিল্পের সঙ্গে যুক্ত বহু মানুষ আর্থিক সংকটে রয়েছেন। এর উপর অতিরিক্ত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা চাপানো হলে বহু বেকারি কারখানা বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

সম্মেলনে ‘জীবন কৃতি’ সম্মান প্রদান করা হয় সোনারপুরের মাদার বেকারির মালিক হাজি শেখ আবুল খায়েরকে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *