তাপস রায়, কলকাতা:
পাটচাষিদের স্বার্থ সুরক্ষা ও পাট উৎপাদনে উৎসাহ বাড়াতে ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য কাঁচা পাটের ন্যূনতম সহায়ক মূল্য (MSP) ঘোষণা করেছে কেন্দ্র সরকার। সরকারি এই সিদ্ধান্তের ফলে দেশের লক্ষাধিক পাটচাষি সরাসরি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে।ভারত সরকারের বস্ত্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা জুট কর্পোরেশন অফ ইন্ডিয়া (JCI) জানিয়েছে, চলতি মরশুমে টোসা পাটের বেস গ্রেড (TD-3)-এর ন্যূনতম সহায়ক মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কুইন্টাল ৫,৯২৫ টাকা। পাশাপাশি বিভিন্ন গ্রেডের পাটের জন্য পৃথক মূল্যও ঘোষণা করা হয়েছে। মেস্তা ও বিমলি পাটের জন্য প্রতি কুইন্টাল ৪,৮২৫ টাকা সহায়ক মূল্য ধার্য করা হয়েছে।জেসিআই সূত্রে জানা গিয়েছে, পাটচাষিদের কাছ থেকে সরাসরি ন্যূনতম সহায়ক মূল্যে পাট ক্রয়ের জন্য সংস্থা ইতিমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে। গ্রামীণ এলাকায় সচেতনতা বৃদ্ধি, কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, প্রচারাভিযান এবং বিভিন্ন তথ্যপ্রযুক্তি-নির্ভর উদ্যোগের মাধ্যমে এই কর্মসূচিকে আরও কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।সংস্থার দাবি, মোবাইল অ্যাপ, কৃষক সহায়তা কেন্দ্র, আবহাওয়া সংক্রান্ত তথ্য ও আধুনিক মূল্যায়ন ব্যবস্থার মাধ্যমে পাটচাষিদের সুবিধা বাড়ানো হচ্ছে। একইসঙ্গে গুণগত মানসম্পন্ন পাট উৎপাদনে উৎসাহ দিতে প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সহায়তাও প্রদান করা হচ্ছে।জেসিআই-এর মতে, ন্যূনতম সহায়ক মূল্য কর্মসূচি শুধু কৃষকদের ন্যায্য মূল্য নিশ্চিতই করবে না, দেশের পাট শিল্পের স্থিতিশীল উন্নয়ন এবং পরিবেশবান্ধব প্রাকৃতিক তন্তুর ব্যবহার বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।পাটচাষিদের আশা, নতুন MSP ঘোষণার ফলে উৎপাদন খরচের তুলনায় লাভজনক মূল্য পাওয়ার সুযোগ বাড়বে এবং আগামী দিনে পাটচাষ আরও আকর্ষণীয় হয়ে উঠবে।

Posted inCitylights
