শিল্পীদের পাশে নতুন মঞ্চ
কলকাতা: চলচ্চিত্র, নাটক, সঙ্গীত ও নৃত্য—সংস্কৃতির প্রতিটি ধারার শিল্পীদের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আত্মপ্রকাশ করল ‘নিউ ইন্ডিয়া কালচারাল ফোরাম’ (NICF)। শুক্রবার সন্ধ্যায় ভারতীয় ভাষা পরিষদ হলে এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে নতুন এই সাংস্কৃতিক সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ও অভিনেত্রী পাপিয়া অধিকারী-সহ বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।সংগঠনের সভাপতি মনোনীত হয়েছেন অভিনেতা রাহুল বর্মন, চেয়ারপার্সন অভিনেত্রী ইন্দ্রানী হালদার এবং সাধারণ সম্পাদক বাপ্পাদিত্য চক্রবর্তী। সংগঠনের মূল লক্ষ্য, প্রতিভা ও যোগ্যতা থাকা সত্ত্বেও যাঁরা দীর্ঘদিন কাজের সুযোগ থেকে বঞ্চিত, তাঁদের জন্য নতুন কর্মক্ষেত্র তৈরি করা।

সংস্থার উদ্যোগে আগামী দিনে চলচ্চিত্র, নাটক ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। এর মাধ্যমে শিল্পীদের কাজের সুযোগ তৈরির পাশাপাশি পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডও সাংস্কৃতিক পরিসরে তুলে ধরা হবে।

সভাপতি রাহুল বর্মন জানান, সংগঠনের প্রতিটি সদস্যের জন্য স্বাস্থ্যবিমার ব্যবস্থা করার উদ্যোগ নেওয়া হবে। চেয়ারপার্সন ইন্দ্রানী হালদার বলেন, NICF-এর প্রযোজনায় চলচ্চিত্র, নাটক ও সাংস্কৃতিক অনুষ্ঠান তৈরি হবে, যেখানে শিল্পীদের কাজের সুযোগ মিলবে। বিধায়ক পাপিয়া অধিকারীও নতুন এই উদ্যোগের পাশে থাকার আশ্বাস দেন। শিল্পীদের স্বার্থে নতুন এই ফোরামের আত্মপ্রকাশ সাংস্কৃতিক মহলে নিঃসন্দেহে একটি ইতিবাচক পদক্ষেপ।

