File 00000000ad6c7207aad01b1e03a6cd2c

শল্য যেথায় রোবট কথায়!

মণিপাল হসপিটালস কলকাতায় রোবোটিক সার্জারির ভবিষ্যৎ তুলে ধরল বিশেষ সিমুলেশন ওয়ার্কশপ

তাপস রায়,কলকাতা, ৩০ জুন: আধুনিক চিকিৎসা প্রযুক্তিকে আরও সহজলভ্য ও কার্যকর করে তুলতে মণিপাল হসপিটালস কলকাতা মঙ্গলবার একটি বিশেষ রোবোটিক সিমুলেশন ওয়ার্কশপ-এর আয়োজন করে। “The Future is Here – with Robotic Surgery at Manipal Hospitals” শীর্ষক এই কর্মশালায় চিকিৎসক, প্রযুক্তিবিদ, শিক্ষাবিদ এবং স্বাস্থ্যক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। কর্মশালার মূল লক্ষ্য ছিল রোবোটিক-সহায়ক অস্ত্রোপচারের আধুনিক প্রযুক্তি এবং তার বাস্তব প্রয়োগ সম্পর্কে অংশগ্রহণকারীদের প্রত্যক্ষ অভিজ্ঞতা দেওয়া।

অনুষ্ঠানের সূচনায় স্বাগত ভাষণ দেন মণিপাল হসপিটালস ইস্ট-এর রিজিওনাল ডিরেক্টর ডা. অয়নাভ দেবগুপ্ত। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইটি খড়্গপুরের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান প্রফেসর (ডা.) দিলীপ কুমার প্রতিহার এবং বিশেষ অতিথি ছিলেন প্রফেসর (ডা.) সুস্মিতা মিত্র।

1000458925

কর্মশালায় রোবোটিক প্রযুক্তির চিকিৎসাক্ষেত্রে বহুমুখী প্রয়োগ নিয়ে আলোচনা করেন বিশিষ্ট চিকিৎসকরা। হৃদরোগ ও বক্ষরোগ সার্জারিতে রোবোটিক প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন ডা. কুনাল সরকার। ক্যানসার সার্জারিতে রোবোটিক প্রযুক্তির সুবিধা ব্যাখ্যা করেন ডা. সৌরভ দত্ত। এছাড়াও অর্থোপেডিক্স, ইউরোলজি ও গাইনোকোলজিতে রোবোটিক সার্জারির ব্যবহার নিয়ে বক্তব্য রাখেন ডা. বিকাশ কাপুর, ডা. অভয় কুমার এবং ডা. অরুণাভ রায়।

1000458213

অনুষ্ঠানে মণিপাল হসপিটালস সল্ট লেক ক্লাস্টারের নতুন রোবোটিক সার্জনদের দলকেও আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হয়। পাশাপাশি উদ্বোধন করা হয় অত্যাধুনিক রোবোটিক সিমুলেশন ল্যাব। সেখানে উপস্থিত অতিথিরা দা ভিঞ্চি এক্সআই, ম্যাকো, ভেলিস এবং রোসা-সহ বিশ্বের আধুনিক রোবোটিক সার্জারি প্রযুক্তির সরাসরি প্রদর্শনী দেখেন এবং হাতে-কলমে সিমুলেশনের অভিজ্ঞতা লাভ করেন।

1000458155

প্রধান অতিথি প্রফেসর (ডা.) দিলীপ কুমার প্রতিহার বলেন, চিকিৎসা ও আধুনিক প্রকৌশলের সমন্বয়ে রোবোটিক প্রযুক্তি ভবিষ্যতের স্বাস্থ্য পরিষেবাকে আরও নিরাপদ, নিখুঁত এবং রোগীকেন্দ্রিক করে তুলবে। অন্যদিকে প্রফেসর (ডা.) সুশ্মিতা মিত্রের মতে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্স চিকিৎসকদের বিকল্প নয়, বরং তাঁদের দক্ষতাকে আরও সমৃদ্ধ করে রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সহায়ক হবে।

ডা. সৌরভ দত্ত জানান, রোবোটিক প্রযুক্তির ফলে ক্যানসারের জটিল অস্ত্রোপচার আরও নিখুঁতভাবে করা সম্ভব হচ্ছে। এতে রক্তক্ষরণ ও অস্ত্রোপচারের পর ব্যথা কমে এবং রোগীরা দ্রুত সুস্থ হয়ে ওঠেন। অন্যদিকে ডা. বিকাশ কাপুর জানান, গত দুই বছরে মণিপাল হসপিটাল ইএম বাইপাসে ১,৫০০-রও বেশি রোবোটিক হাঁটু প্রতিস্থাপন অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে, যা এই প্রযুক্তির কার্যকারিতার প্রমাণ।

1000458923

লাইভ ডেমোনস্ট্রেশন, বিশেষজ্ঞদের আলোচনা এবং ইন্টারঅ্যাকটিভ সিমুলেশনের মাধ্যমে অংশগ্রহণকারীরা আধুনিক রোবোটিক সার্জারির নানা দিক সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন। মণিপাল হসপিটালসের পক্ষ থেকে জানানো হয়, অত্যাধুনিক চিকিৎসা প্রযুক্তিকে মানুষের আরও কাছে পৌঁছে দেওয়া এবং উন্নত, নিরাপদ ও রোগীকেন্দ্রিক অস্ত্রোপচারের ভবিষ্যৎ গড়ে তোলাই তাদের অন্যতম লক্ষ্য।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *