InShot 20260630

হকার To হাহাকার!


পশ্চিমবঙ্গে পথবিক্রেতাদের অধিকার সুরক্ষায় জোর দিল নাসভি, স্ট্রিট ভেন্ডরস আইনের পূর্ণ বাস্তবায়নের দাবি

তাপস রায়,কলকাতা, ৩০ জুন: পশ্চিমবঙ্গে পথবিক্রেতাদের জীবিকা ও আইনসম্মত অধিকার সুরক্ষায় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব স্ট্রিট ভেন্ডরস অব ইন্ডিয়া (NASVI) মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে। সংগঠনের পক্ষ থেকে স্ট্রিট ভেন্ডরস (প্রোটেকশন অব লাইভলিহুড অ্যান্ড রেগুলেশন অব স্ট্রিট ভেন্ডিং) আইন, ২০১৪-এর কার্যকর বাস্তবায়নের ওপর জোর দিয়ে একাধিক গুরুত্বপূর্ণ দাবি ও সুপারিশ তুলে ধরা হয়।

নাসভির বক্তব্য, ২০১৪ সালের এই আইন পথবিক্রেতাদের জীবিকা রক্ষা, আইনি স্বীকৃতি এবং পরিকল্পিত ও অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নের লক্ষ্যেই প্রণীত হয়েছিল। কিন্তু পশ্চিমবঙ্গের বহু পথবিক্রেতা এখনও আইনগত স্বীকৃতি, সামাজিক সুরক্ষা এবং সরকারি বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত।

সংগঠনের অভিযোগ, রাজ্যের বিভিন্ন পুর এলাকায় এখনও পথবিক্রেতাদের পূর্ণাঙ্গ সমীক্ষা সম্পন্ন হয়নি। বহু ক্ষেত্রে টাউন ভেন্ডিং কমিটি (TVC) গঠিত হয়নি বা কার্যকরভাবে কাজ করছে না। এছাড়া ভেন্ডিং জোন চিহ্নিতকরণ ও ঘোষণা বিলম্বিত হওয়ায় বহু পথবিক্রেতা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ না করেই উচ্ছেদ অভিযান চালানোর ঘটনাও উদ্বেগের বিষয় বলে দাবি করেছে নাসভি। পাশাপাশি, কেন্দ্রের পিএম স্বনিধি (PM SVANidhi) প্রকল্পসহ বিভিন্ন সরকারি সুবিধা বহু যোগ্য পথবিক্রেতার কাছে এখনও পৌঁছায়নি বলেও জানানো হয়।

সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখেন নাসভির হেড প্রোগ্রাম সঙ্গীতা সিং এবং সংগঠনের এক্সিকিউটিভ সদস্য ও পথবিক্রেতা নেত্রী সরোজ মিশ্র। তাঁরা বলেন, পথবিক্রেতারা দেশের শহুরে অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ। কর্মসংস্থান সৃষ্টি, সাধারণ মানুষের কাছে সুলভ মূল্যে পণ্য ও পরিষেবা পৌঁছে দেওয়া এবং স্থানীয় বাজার ব্যবস্থাকে সচল রাখতে তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই তাঁদের অধিকার রক্ষা এবং জীবিকার নিরাপত্তা নিশ্চিত করতে স্ট্রিট ভেন্ডরস আইনের পূর্ণাঙ্গ বাস্তবায়ন অত্যন্ত জরুরি।

নাসভি পশ্চিমবঙ্গ সরকারের কাছে রাজ্যের সমস্ত পুর এলাকায় দ্রুত পথবিক্রেতাদের সমীক্ষা সম্পন্ন করা, আইন অনুযায়ী টাউন ভেন্ডিং কমিটি গঠন ও সক্রিয় করা, অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় ভেন্ডিং জোন ঘোষণা, উচ্ছেদের ক্ষেত্রে আইনি বিধি কঠোরভাবে অনুসরণ, পিএম স্বনিধি প্রকল্পের কার্যকর বাস্তবায়ন এবং স্ট্রিট ফুড হাব-সহ পথবিক্রেতা-বান্ধব পরিকাঠামো গড়ে তোলার দাবি জানিয়েছে।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *