InShot 20260202

মানুষের পাশে ৫২ বছরের অঙ্গীকার

তাপস রায়, আজটকস: কলকাতা দক্ষিণ প্রান্তে প্রকৃতির কোলে গড়ে ওঠা সিরিল একাডেমি প্রাঙ্গণে ১ ফেব্রুয়ারি ২০২৬-এ ৫২তম প্রতিষ্ঠা দিবস উদ্‌যাপন করল চাইল্ড ইন নিড ইনস্টিটিউট। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ভারতের চারটি রাজ্য থেকে আগত চারজন কিশোর-কিশোরীর উপস্থিতি, যা শিশু ও কিশোরদের ক্ষমতায়নের প্রতি সংস্থার দীর্ঘদিনের অঙ্গীকারকে নতুন করে তুলে ধরে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ প্রতিমন্ত্রী দিলীপ মণ্ডল, শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন তুলিকা দাসসহ একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। পাঁচ দশকেরও বেশি সময় ধরে আটটি রাজ্যে প্রায় এক কোটি মানুষের সঙ্গে মাতৃ, শিশু ও কিশোর স্বাস্থ্য, পুষ্টি, শিক্ষা ও সুরক্ষার ক্ষেত্রে কাজ করে আসা এই সংস্থা এদিন উদ্বোধন করে তাদের নতুন প্রতিরোধমূলক স্বাস্থ্য উদ্যোগ ‘শুভায়ু’। অসংক্রামক রোগ প্রতিরোধে সমাজের সব বয়সের মানুষের সুস্থতাকে সামনে রেখে এই উদ্যোগ ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে জানান সংস্থার মুখ্য নির্বাহী ডা. ইন্দ্রাণী ভট্টাচার্য। অনুষ্ঠানে সাধারণ মানুষের জন্য রক্তচাপ ও রক্তে শর্করা পরীক্ষার ব্যবস্থাও ছিল। পাশাপাশি সমাজে উল্লেখযোগ্য অবদানের জন্য একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মানিত করা হয়। অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠাতা সম্পাদক ডা. সমীর চৌধুরি বার্ষিক প্রতিবেদন পেশ করে মানুষের সঙ্গে ও মানুষের জন্য চাইল্ড ইন নিড ইনস্টিটিউটের আগামী দিনের পথচলার কথা তুলে ধরেন।

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *