তাপস রায়,কলকাতা, ৭ই সেপ্টেম্বর: সঙ্গীতের সুরে মানবিকতার বার্তা পৌঁছে দিতে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে ‘SBOH Concert 2026 – Melodies of Hope’। আগামী ১২ সেপ্টেম্বর, শনিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত মহানায়ক উত্তম মঞ্চে বসবে এই বিশেষ সঙ্গীতসন্ধ্যা। অনুষ্ঠানের নিট আয় অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারের ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসায় সহায়তার জন্য সরোজ গুপ্ত ক্যানসার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট (SGCC&RI), ঠাকুরপুকুরে প্রদান করা হবে।
এবারের অনুষ্ঠানটি বিশেষ তাৎপর্যপূর্ণ। ২০১৬ সালে যাত্রা শুরু করার পর এটি SBOH-এর ১১তম বার্ষিক কনসার্ট এবং সংস্থাটির এক দশকের মানবিক কর্মকাণ্ডেরও স্মারক। গত দশ বছরে কলকাতা ও ওয়াশিংটন ডিসি অঞ্চলে একাধিক সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে শিল্পী, শ্রোতা ও শুভানুধ্যায়ীদের একত্রিত করেছে Sudeshna Beacon of Hope। এই সময়ে SGCC&RI-কে ৬০ লক্ষ টাকারও বেশি সহায়তা দেওয়া হয়েছে। পাশাপাশি ক্যানসার গবেষণাতেও সহায়তার হাত বাড়িয়েছে সংস্থাটি। SGCC&RI ও International Agency for Research on Cancer (IARC)-এর যৌথ উদ্যোগে পরিচালিত একটি শিশু-ক্যানসার গবেষণাতেও SBOH-এর অবদান রয়েছে।
২০১৩ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত সুদেশনার স্মৃতিতে তাঁর স্বামী সুভাশিস ঘোষ এই উদ্যোগের সূচনা করেন। ব্যক্তিগত শোক থেকে জন্ম নেওয়া সেই উদ্যোগ আজ পরিণত হয়েছে দীর্ঘমেয়াদি মানবিক আন্দোলনে।
সুভাশিস ঘোষ বলেন, “ব্যক্তিগত এক গভীর ক্ষতি থেকে Sudeshna Beacon of Hope-এর জন্ম হলেও, সময়ের সঙ্গে এটি আশার এক আন্দোলনে পরিণত হয়েছে। সঙ্গীতের মাধ্যমে আমরা চাই ক্যানসারের সঙ্গে লড়াই করা প্রতিটি শিশু ও পরিবার অনুভব করুক—তাদের পাশে একটি সম্পূর্ণ সমাজ রয়েছে।”
এবারের কনসার্টে শ্রদ্ধা জানানো হবে ভারতীয় চলচ্চিত্র ও জনপ্রিয় সঙ্গীতের দুই কিংবদন্তি সুরকার শচীন দেববর্মন (S.D. Burman) এবং রাহুল দেববর্মন (R.D. Burman)-কে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন জোজো মুখার্জি, মনোময় ভট্টাচার্য, হৃক দেবরাজ, স্বর্ণালী বসু এবং দেবমাল্য চট্টোপাধ্যায়। জ্যাজ শিল্পী সুচেতা সান্যাল পরিবেশন করবেন জনপ্রিয় পাশ্চাত্য সঙ্গীত। তরুণ শিল্পী রোহিণী ভোস দেসাই ও শ্লোকা সুব্রহ্মণিয়মের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের সিঙ্গার-সংরাইটার ও গিটারিস্ট সোহান ঘোষও অনুষ্ঠানে অংশ নেবেন। সোহান হলেন সুদেষনা ও সুভাশিস ঘোষের পুত্র।
পুরস্কারপ্রাপ্ত একদল দক্ষ বাদ্যযন্ত্রশিল্পী শিল্পীদের সঙ্গে সঙ্গত করবেন। অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ হবেন অঞ্জলি রায়—যিনি মাত্র ১৪ বছর বয়সে ক্যানসারের কারণে একটি পা হারিয়েও নৃত্যের প্রতি তাঁর ভালোবাসা থেকে সরে আসেননি।অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে থাকবেন জনপ্রিয় টেলিভিশন সঞ্চালিকা মৌনিতা মুখার্জি চট্টোপাধ্যায়, যিনি ‘Good Morning Akash’ অনুষ্ঠানের পরিচিত মুখ।SGCC&RI একটি জনহিতৈষী ক্যানসার চিকিৎসা প্রতিষ্ঠান, যেখানে রোগীর আর্থিক অবস্থাকে চিকিৎসার পথে বাধা হতে দেওয়া হয় না। শিশুদের চিকিৎসার সময় মানসিক স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি করতে হাসপাতালটিতে প্লে এরিয়া ও টয় ট্রেনের মতো বিশেষ ব্যবস্থাও রয়েছে।অনুষ্ঠান: SBOH Concert 2026 – Melodies of Hope
তারিখ: ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার
সময়: সন্ধ্যা ৬টা–রাত ৯টা
স্থান: মহানায়ক উত্তম মঞ্চ, কলকাতা
উদ্দেশ্য: SGCC&RI-তে অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারের ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসায় সহায়তা
রেজিস্ট্রেশন: tinyurl.com/SBOH2026
Sudeshna Beacon of Hope একটি মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক 501(c)(3) অলাভজনক সংস্থা। সুদেশনার স্মৃতিতে প্রতিষ্ঠিত এই সংস্থা সঙ্গীত, সামাজিক উদ্যোগ ও বিভিন্ন অংশীদারিত্বের মাধ্যমে ক্যানসার চিকিৎসা, গবেষণা ও সচেতনতার কাজে সহায়তা করে চলেছে। বিশেষভাবে কলকাতার SGCC&RI-তে চিকিৎসাধীন সুবিধাবঞ্চিত পরিবারের শিশুদের পাশে দাঁড়ানোই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।
