তাপস রায়,কলকাতা, ১১ অক্টোবর: দেবীপক্ষের সূচনায় ৭৫০ জনের হাতে নতুন বস্ত্র তুলে দিয়ে মানবিকতার নজির গড়ল কর্মা সোশ্যাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট। দশম বর্ষে পদার্পণ করল সংস্থার বার্ষিক বস্ত্রদান কর্মসূচি। কৃষ্ণপুরের সমরপল্লীতে আয়োজিত এই অনুষ্ঠানে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষের হাতে বস্ত্র তুলে দেওয়া হয়। পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকার ঝড়খালিতেও পোশাক বিতরণ করা হয়।

ট্রাস্টের অধ্যক্ষ তথা বিশিষ্ট আইনজীবী অনিল কুমার দাসের নেতৃত্বে গত দশ বছর ধরে এই কর্মসূচি পালিত হয়ে আসছে। অনুষ্ঠানে তিনি জানান, মানুষের পাশে দাঁড়ানো এবং পুরনো ঐতিহ্যকে ধরে রাখাই তাঁদের মূল লক্ষ্য।

উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক বাদল সরকার, বৈদিক ও তান্ত্রিক গবেষক ড. নীলাদ্রিনারায়ণ বসু, শিক্ষাবিদ শঙ্করজিৎ চক্রবর্তী, শিবু সোম-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্ব।

এদিনের অনুষ্ঠানে মানবিকতার আরও এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে কর্মা ট্রাস্ট। শারীরিক অসুস্থতা সত্ত্বেও অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট সাংবাদিক মৃত্যুঞ্জয় রায়, যিনি সকলের কাছে পরিচিত ‘নেপা দা’ নামে। শারীরিক অসুস্থতার কারণে মঞ্চে ওঠা সম্ভব না হওয়ায়, ট্রাস্টের অধ্যক্ষ অনিল কুমার দাস অন্যান্য বিশিষ্ট অতিথিদের সঙ্গে নিয়ে নিজেই তাঁর গাড়ির কাছে পৌঁছে যান। সেখানেই উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয়।

উপস্থিত ছিলেন বাদল সরকার, ড. নীলাদ্রিনারায়ণ বসু, শঙ্করজিৎ চক্রবর্তী-সহ অন্যান্য বিশিষ্টজনেরা। মঞ্চের আনুষ্ঠানিকতার ঊর্ধ্বে উঠে একজন সাংবাদিকের নিষ্ঠা ও ভালোবাসার প্রতি এই সম্মান উপস্থিত সকলের মন ছুঁয়ে যায়। অনুষ্ঠানের শেষে সকলের একটাই প্রার্থনা—প্রিয় ‘নেপা দা’ যেন দ্রুত সুস্থ হয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসেন।

