শিরোনাম: ডাউন সিনড্রোমকে জয় করে নাচের ছন্দে প্রীতম, তথ্যচিত্রে স্বপ্নপূরণের কাহিনি
তাপস রায়,কলকাতা, ১০ অক্টোবর, ২০২৬: প্রতিভা, অধ্যবসায় ও পারিবারিক ভালোবাসার এক অনন্য কাহিনি নিয়ে আত্মপ্রকাশ করল চলচ্চিত্র নির্মাতা সৌমেন ডি-র তথ্যচিত্র The Dancing Martian “Pritam”। ডাউন সিনড্রোমে আক্রান্ত ৩২ বছর বয়সি প্রীতম ধরের নাচ ও সংগীতের প্রতি ভালোবাসা এবং তাঁর জীবনসংগ্রামকে কেন্দ্র করে নির্মিত এই তথ্যচিত্র সমাজে অন্তর্ভুক্তি ও সমান সুযোগের বার্তা বহন করছে।
কলকাতার শিশির মঞ্চ, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম, ওকাকুরা ভবন, রবীন্দ্র সদন ও মোহিত মঞ্চের মতো একাধিক সাংস্কৃতিক মঞ্চে নিজের নৃত্যপ্রতিভার পরিচয় দিয়েছেন প্রীতম। রবীন্দ্র নৃত্য, ভরতনাট্যম ও নজরুল নৃত্যে তিনি ‘সঙ্গীত বিভাকর’ উপাধি অর্জন করেছেন। ২০২৬ সালের আগস্টে ফরএভার স্টার ইন্ডিয়ার ‘সুপার হিরো ২০২৬’ বিভাগে ‘ইনস্পিরেশনাল ডান্স পারফর্মার’ সম্মানও পান তিনি।
প্রীতমের এই যাত্রায় তাঁর ৭৫ বছর বয়সি বাবা প্রবীর ধরের ভালোবাসা, যত্ন ও নিরন্তর সহযোগিতা বিশেষভাবে তুলে ধরা হয়েছে তথ্যচিত্রে।
১০ অক্টোবর কলকাতার সরলা রায় মেমোরিয়াল কমিউনিটি হলে দ্য ইন্ডিয়ান ক্রনিকলস এন্টারটেইনমেন্টের উদ্যোগে আয়োজিত এক সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তথ্যচিত্রটির ঝলক প্রকাশ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র সমালোচক ও ঔপন্যাসিক ড. প্রদীপ বসু, উত্তরায়ণ ডে কেয়ারের অধ্যক্ষা সম্পা দে শ্রীনিবাসন, অভিনেত্রী তনুশ্রী গোস্বামী, উত্তরায়ণ ডে কেয়ারের প্রতিষ্ঠাতা ড. সুনীপা রায়, প্রবীণ সাংবাদিক নারায়ণ রাও এবং সংগীতশিল্পী ও তথ্যচিত্র নির্মাতা সুমন মুখোপাধ্যায়।
এই তথ্যচিত্রের মাধ্যমে ডাউন সিনড্রোম সম্পর্কে প্রচলিত সামাজিক ধারণা ও প্রতিবন্ধকতা দূর করে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের প্রতিভা, আত্মপ্রকাশ এবং মর্যাদার সঙ্গে বেঁচে থাকার অধিকারের বার্তা তুলে ধরতে চান নির্মাতারা।
দ্য ইন্ডিয়ান ক্রনিকলস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এবং সৌমেন ডি-র পরিচালনায় নির্মিত এই তথ্যচিত্রে প্রীতম ধরের জীবনই হয়ে উঠেছে মূল আকর্ষণ। খুব শীঘ্রই দর্শকদের সামনে আসতে চলেছে The Dancing Martian “Pritam”।
