গাড়ি ব্যবসায় স্বচ্ছতার বার্তা, অবৈধ MBO-র বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস
তাপস রায়,কলকাতা, ৫ আগস্ট: রাজ্যের অটোমোবাইল খুচরো ব্যবসায় স্বচ্ছতা, নিয়ম মেনে বাণিজ্য এবং ডিজিটাল ব্যবস্থার প্রসারে জোর দিল পশ্চিমবঙ্গ সরকার।

ফেডারেশন অব অটোমোবাইল ডিলার্স অ্যাসোসিয়েশনস (FADA)-এর উদ্যোগে কলকাতার আইটিসি রয়্যাল বেঙ্গল হোটেলে পশ্চিমবঙ্গের পরিবহণমন্ত্রী অজুন সিংহের সঙ্গে আয়োজিত এক বিশেষ ‘ফায়ারসাইড চ্যাট’-এ উঠে এল অটোমোবাইল শিল্পের একাধিক গুরুত্বপূর্ণ বিষয়।

অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ১৫০-রও বেশি অটোমোবাইল ডিলার প্রিন্সিপাল, FADA-র কেন্দ্রীয় নেতৃত্ব এবং শিল্পমহলের বিশিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনায় সেন্ট্রাল মোটর ভেহিকল রুলস (CMVR)-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন, রাজ্যজুড়ে বেআইনি মাল্টি-ব্র্যান্ড আউটলেট (MBO)-এর কার্যকলাপ বন্ধ করা, ব্যবহৃত বা প্রি-ওন্ড গাড়ির রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু এবং সম্পূর্ণ অনলাইনভিত্তিক পাঁচ বছরের ট্রেড সার্টিফিকেট ব্যবস্থার মতো বিষয় সামনে আনে FADA। পরিবহণমন্ত্রী অজুন সিংহ জানান, রাজ্য সরকার একটি স্বচ্ছ, প্রযুক্তিনির্ভর এবং নাগরিককেন্দ্রিক পরিবহণ ব্যবস্থা গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ।

ডিজিটাল প্ল্যাটফর্ম, অনলাইন পরিষেবা এবং স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে প্রশাসনিক জটিলতা কমিয়ে জবাবদিহি বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও তিনি জানান। একইসঙ্গে CMVR-এর বিধি পূর্ণাঙ্গভাবে কার্যকর করা এবং পশ্চিমবঙ্গজুড়ে বেআইনি মাল্টি-ব্র্যান্ড আউটলেটের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। FADA-র ভাইস প্রেসিডেন্ট সাই গিরিধর পরিবহণমন্ত্রীর আশ্বাসকে স্বাগত জানিয়ে বলেন, প্রস্তাবিত পদক্ষেপগুলি নিয়ম মেনে চলা ব্যবসাকে উৎসাহিত করবে, গ্রাহক পরিষেবা আরও উন্নত করবে এবং অনুমোদিত ডিলারদের জন্য একটি ন্যায্য ও স্বচ্ছ ব্যবসায়িক পরিবেশ তৈরি করবে।

বৈঠকের শেষে সড়ক নিরাপত্তা, ডিজিটাল প্রশাসন, নিয়ন্ত্রক বিধি মেনে চলা এবং রাজ্যের অটোমোবাইল খুচরো বিক্রয় ক্ষেত্রের টেকসই উন্নয়নের লক্ষ্যে FADA ও পরিবহণ দফতর ধারাবাহিকভাবে সহযোগিতা ও আলোচনার মাধ্যমে এগিয়ে চলার অঙ্গীকার করবে।

