কর সেবায় নবরূপে সেজে উঠছে ২০০ বছরের পুরনো গুরুদ্বারা গুরু কা বাগ
নিজস্ব প্রতিনিধি, কলকাতা, ১১ অক্টোবর ২০২৬: শিখ সম্প্রদায়ের স্বেচ্ছাশ্রম ও সেবার মাধ্যমে নবরূপে নির্মিত হচ্ছে কলকাতার ৮, নারিকেলডাঙা মেন রোডের প্রায় ২০০ বছরের পুরনো গুরুদ্বারা গুরু কা বাগ। ‘কর সেবা’-র মাধ্যমে গুরুদ্বারার নির্মাণকাজে হাত লাগিয়েছেন বিভিন্ন বয়সের শিখ সম্প্রদায়ের মানুষ।

গুরুদ্বারার অধ্যক্ষ হরজীৎ সিং জানান, দেশের বিভিন্ন প্রান্তের শিখ সম্প্রদায়ের মানুষ স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তাঁদের এই পবিত্র উপাসনাস্থলকে নতুন করে গড়ে তুলছেন।

গুরুদ্বারার মহাসচিব ধীরজ সিং জানান, প্রায় ৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে গড়ে উঠছে এই স্থাপত্য। গুরুদ্বারার নিজস্ব জলাশয়ও এর অন্যতম আকর্ষণ। ভবিষ্যতে জলাশয়টিকে আরও সুন্দর করে তোলার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

বাবা মহীন্দর সিংয়ের উপস্থিতিতে ধীরজ সিং আরও জানান, গুরুদ্বারাটি নির্মাণে ব্যবহার করা হবে উন্নতমানের ভিয়েতনামি মার্বেল। ধর্মীয় নিষ্ঠা, স্বেচ্ছাশ্রম ও ঐতিহ্যের মেলবন্ধনে গুরু কা বাগ আগামী দিনে কলকাতার অন্যতম আকর্ষণীয় গুরুদ্বারা হয়ে উঠবে বলে আশাবাদী কর্তৃপক্ষ।
