তাপস রায়,কলকাতা, ২৮ নভেম্বর, ২০২৬: ছয় বছরের পথচলা পেরিয়ে সপ্তম বর্ষে পদার্পণ করল মেরিনার্স এরিনা। ফুটবল, সংস্কৃতি, স্মৃতি ও সমাজসেবার মেলবন্ধনে কলকাতা প্রেস ক্লাবে শুক্রবার আয়োজিত বর্ষপূর্তি অনুষ্ঠান হয়ে উঠল এক বিশেষ উদযাপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন মোহনবাগান তারকা হোসে রামিরেজ ব্যারেটো, প্রাক্তন ফুটবলার ও কোচ সায়ন্তন দাশরায়, মোহনবাগান-এনসাইক্লোপিডিয়া দেবাংশু রায়চৌধুরী (বাপ্পাদা), পুলিশ আধিকারিক জয়দীপ বসু, সুরকার জয় সরকার, সঙ্গীতশিল্পী অভীক মুখার্জি, কোচ সঞ্জয় সেন, ফুটবল সংগঠক নবাব ভট্টাচার্য, মোহনবাগান ক্লাবের ফুটবল সেক্রেটারি বাবুন ব্যানার্জি এবং শিবদাস ভাদুড়ীর পৌত্রী দেবিকা-সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সংগঠনের ছয় বছরের কর্মকাণ্ড ও সাফল্যের স্মৃতিচারণে অনুষ্ঠানে প্রদর্শিত হয় একটি বিশেষ অডিও-ভিজ্যুয়াল উপস্থাপনা। পাশাপাশি ফুটবল ও ক্রীড়া জগতের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ প্রদান করা হয় চারটি বিশেষ সম্মাননা।
ফুটবল সংগঠনে অবদানের জন্য নবাব ভট্টাচার্যকে প্রদান করা হয় ‘টুটু বসু মেমোরিয়াল অ্যাওয়ার্ড’। ক্রীড়া সাংবাদিকতায় অবদানের স্বীকৃতিতে সাংবাদিক অর্ঘ্য ব্যানার্জি পান ‘নভি কাপাডিয়া অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্স ইন স্পোর্টস জার্নালিজম’। তৃণমূল স্তরে ফুটবলের বিকাশে অবদানের জন্য সায়ন্তন দাশরায়কে দেওয়া হয় ‘অমল দত্ত গ্রাসরুট ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড’। অন্যদিকে, ‘মোহন সম্মান ২০২৬’ তুলে দেওয়া হয় দেবাংশু রায়চৌধুরী (বাপ্পাদা)-র হাতে। এই সম্মান প্রদান করেন প্রথম বর্ষের প্রাপক জয় সরকার।
প্রয়াত টুটু বসুর স্মরণে আগামী জানুয়ারিতে সংগঠনের সদস্যদের নিয়ে দু'দিনব্যাপী ফুটবল প্রতিযোগিতা ‘মহা ফুটবল’ আয়োজনের ঘোষণা করা হয়। এই প্রতিযোগিতার লোগো উন্মোচন করেন হোসে রামিরেজ ব্যারেটো। সংগঠনের ছয় বছরের পথচলা, সদস্য ও সমর্থকদের লেখা এবং ছবি নিয়ে একটি বিশেষ স্মারক গ্রন্থও প্রকাশিত হতে চলেছে আগামী ২৩ জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসু ও টুটু বসুর জন্মবার্ষিকী উপলক্ষে।
সংগঠনের নিজস্ব গান তৈরির উদ্যোগও নেওয়া হয়েছে। জয় সরকার ও অভীক মুখার্জির উদ্যোগে এবং অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গীত প্রযোজনায় তৈরি হচ্ছে মেরিনার্স এরিনার নিজস্ব গান।
সমাজসেবামূলক উদ্যোগের অংশ হিসেবে সায়ন্তন দাশরায়ের ফুটবল অ্যাকাডেমির পড়ুয়াদের ক্রীড়া সরঞ্জাম কেনার জন্য ১০ হাজার টাকা আর্থিক সহায়তা ঘোষণা করা হয়। পাশাপাশি একটি হোমের ১০০ জন শিশুর হাতে তুলে দেওয়া হয় খাতা, পেন, পেন্সিল-সহ বিভিন্ন স্টেশনারি সামগ্রী।
অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে শুভেচ্ছা জানান শুভাশিস বসু, দেজান দ্রাজিচ, প্রীতম কোটাল, শিল্টন পাল। বিশালাকার কেক কাটার মধ্য দিয়ে শেষ হয় বর্ষপূর্তি উদযাপন।
ফুটবলের আবেগ, ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক দায়বদ্ধতাকে সঙ্গী করে আগামী দিনে আরও বৃহত্তর পরিসরে কাজ করার অঙ্গীকার নিয়েই সপ্তম বর্ষে যাত্রা শুরু করল মেরিনার্স এরিনা।