গুরুতর রেটিনার রোগে দৃষ্টিশক্তি ফেরানোর আশায় নতুন জিন থেরাপি, সম্ভাবনা তুলে ধরল ন্যানোস্কোপ
তাপস রায়,কলকাতা: গুরুতর রেটিনার রোগে আক্রান্ত মানুষের দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের সম্ভাবনা ঘিরে নতুন আশার কথা তুলে ধরল ন্যানোস্কোপ থেরাপিউটিক্স। সংস্থার পরীক্ষামূলক অপটোজেনেটিক জিন থেরাপি মোজেনরি (MOGENRY – MCO-010)-এর কার্যকারিতা, গবেষণার অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত চক্ষুরোগ বিশেষজ্ঞ, গবেষক ও শিল্পক্ষেত্রের প্রতিনিধিরা আলোচনা করেন।
মোজেনরি একটি পরীক্ষামূলক জিন থেরাপি, যা একবার প্রয়োগের মাধ্যমে রেটিনার অবশিষ্ট কোষগুলিকে আলোর প্রতি সংবেদনশীল করে তোলার লক্ষ্য নিয়ে তৈরি হয়েছে। বিশেষভাবে গুরুতর রেটিনার রোগে আক্রান্ত এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলা রোগীদের চিকিৎসায় এই পদ্ধতি নতুন সম্ভাবনার দিশা দেখাচ্ছে। এই চিকিৎসা কোনও নির্দিষ্ট জিনগত পরিবর্তনের উপর নির্ভরশীল নয় বলেই এর সম্ভাব্য প্রয়োগ নিয়ে চিকিৎসক ও গবেষকদের আগ্রহ তৈরি হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এআইওএস-এর প্রাক্তন সভাপতি এবং কলকাতার ত্রিনেত্রালয় আই হাসপাতাল ও নেত্রালয়মের অধিকর্তা ডাঃ পার্থ বিশ্বাস, ন্যানোস্কোপ থেরাপিউটিক্সের সভাপতি, প্রধান বৈজ্ঞানিক আধিকারিক ও সহ-প্রতিষ্ঠাতা ডাঃ সমরেন্দ্র মহান্তি, কটকের জেপিএম রোটারি আই হাসপাতালের ভিট্রিও-রেটিনাল সার্জন ও প্রধান চিকিৎসা আধিকারিক ডাঃ সন্তোষ মহাপাত্র এবং ন্যানোস্কোপ থেরাপিউটিক্সের সিইও ও সহ-প্রতিষ্ঠাতা সুলগ্না ভট্টাচার্য।
কটকের জেপিএম রোটারি আই হাসপাতালে পরিচালিত প্রথম পর্যায়ের ১/২এ পাইলট গবেষণার প্রধান গবেষক ডাঃ সন্তোষ মহাপাত্র এই পরীক্ষামূলক চিকিৎসার কার্যকারিতা ও দীর্ঘমেয়াদি সুরক্ষা সংক্রান্ত তাঁর অভিজ্ঞতা তুলে ধরেন।
এআইওএস-এর প্রাক্তন সভাপতি ডাঃ পার্থ বিশ্বাস বলেন, রেটিনাইটিস পিগমেন্টোসার মতো রোগ চক্ষু চিকিৎসার ক্ষেত্রে অন্যতম বড় চ্যালেঞ্জ। এই রোগে চোখের আলোক-সংবেদনশীল কোষগুলি ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। ফলে দৃষ্টিশক্তি মারাত্মকভাবে কমে যেতে পারে, এমনকি অনেক ক্ষেত্রে রোগী সম্পূর্ণ অন্ধত্বের শিকার হতে পারেন। অপটোজেনেটিক জিন থেরাপির মতো আধুনিক চিকিৎসা পদ্ধতি এই সমস্ত রোগীর জন্য নতুন আশার সম্ভাবনা তৈরি করছে।
তিনি আরও জানান, মোজেনরির অন্যতম বৈশিষ্ট্য হল, এটি কোনও নির্দিষ্ট জিনগত পরিবর্তনের উপর নির্ভরশীল নয়। ফলে রোগের কারণ হিসেবে বিভিন্ন জিনগত পরিবর্তন থাকলেও সম্ভাব্যভাবে রোগীরা এই চিকিৎসার আওতায় আসতে পারেন। তবে এই চিকিৎসা এখনও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন পায়নি। গবেষণার অগ্রগতি ভবিষ্যতে চিকিৎসার সুযোগ সীমিত এমন রোগীদের জন্য নতুন পথ খুলে দিতে পারে।
মোজেনরি মূলত একটি অপটোজেনেটিক পদ্ধতিতে কাজ করে। প্রচলিত জিন থেরাপিতে নির্দিষ্ট ত্রুটিপূর্ণ জিন সংশোধনের চেষ্টা করা হলেও এই চিকিৎসায় একবারের ইঞ্জেকশনের মাধ্যমে আলোক-সংবেদনশীল জিন রেটিনার অবশিষ্ট কোষগুলিতে পৌঁছে দেওয়া হয়। এর ফলে ওই কোষগুলি আলো শনাক্ত করে মস্তিষ্কে দৃশ্যসংক্রান্ত সংকেত পাঠাতে সক্ষম হতে পারে। এই পদ্ধতি রেটিনার ক্ষতিগ্রস্ত আলোক-সংবেদনশীল কোষগুলির কার্যকারিতার ঘাটতি পূরণে সহায়তা করার লক্ষ্য রাখে।
রেটিনাইটিস পিগমেন্টোসা (RP) একটি বংশগত রেটিনার রোগ, যার ফলে ক্রমশ দৃষ্টিশক্তি হ্রাস পায় এবং শেষ পর্যন্ত অন্ধত্বও দেখা দিতে পারে। বিশ্বে প্রতি ৪,০০০ জনের মধ্যে প্রায় একজন এবং ভারতে প্রতি ১,০০০ জনের মধ্যে প্রায় একজন এই রোগে আক্রান্ত বলে উল্লেখ করা হয়েছে। এই পরিস্থিতিতে কার্যকর ও নতুন চিকিৎসা পদ্ধতির অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ডাঃ সমরেন্দ্র মহান্তি এবং ন্যানোস্কোপ থেরাপিউটিক্সের তাঁর দল রেটিনার বিভিন্ন রোগের চিকিৎসায় অপটোজেনেটিক পদ্ধতির উন্নয়নে কাজ করে চলেছেন। সংস্থার গবেষণা ও পরীক্ষামূলক চিকিৎসা উদ্যোগ জিন-ভিত্তিক প্রযুক্তির এমন সম্ভাবনা তুলে ধরছে, যা দীর্ঘদিন ধরে চিকিৎসার সীমাবদ্ধতার মধ্যে থাকা রোগীদের ক্ষেত্রে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
অনুষ্ঠানে বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন, ক্লিনিক্যাল গবেষণা ও আধুনিক জিন থেরাপির অগ্রগতির মাধ্যমে গুরুতর রেটিনার রোগে আক্রান্ত মানুষের চিকিৎসার নতুন সম্ভাবনা তৈরির বিষয়টিই বিশেষ গুরুত্ব পায়।