তাপস রায়: নারীদের প্রজননস্বাস্থ্য নিয়ে সচেতনতা, দ্রুত রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসার লক্ষ্যে নতুন উদ্যোগ নিল ডিসান হসপিটাল। জরায়ুর ফাইব্রয়েড (Fibroids) ও এন্ডোমেট্রিওসিস (Endometriosis) চিকিৎসার জন্য পূর্ব ভারতের প্রথম বিশেষায়িত Centre of Excellence, FEMORA (Fibroids & Endometriosis Management, Outcomes, Research and Advancement) চালু করল হসপিটাল কর্তৃপক্ষ। শুক্রবার কলকাতার প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে এই বিশেষ চিকিৎসাকেন্দ্রের উদ্বোধন করা হয়।
নারীদের ঋতুস্রাবের সময় অতিরিক্ত ব্যথা, দীর্ঘস্থায়ী রক্তপাত কিংবা পেলভিক অঞ্চলে অস্বস্তিকে অনেক ক্ষেত্রেই স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। কিন্তু এই উপসর্গগুলিই কখনও কখনও ফাইব্রয়েড কিংবা এন্ডোমেট্রিওসিসের মতো জটিল রোগের ইঙ্গিত হতে পারে। সেই সমস্যার যথাযথ নির্ণয়, বিশেষায়িত চিকিৎসা এবং দীর্ঘমেয়াদি সুস্থতার কথা মাথায় রেখে FEMORA চালু করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিসান হসপিটালের গ্রুপ ডিরেক্টর ডা. সৌমিত্র ভরদ্বাজ, রিপ্রোডাক্টিভ মেডিসিন অ্যান্ড সার্জারির অনারারি ডিরেক্টর ডা. সুদীপ বসু, বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ অধ্যাপক (ডা.) সুভাষচন্দ্র বিশ্বাস ও অধ্যাপক (ডা.) অলোক দে এবং সার্জন ও IVF বিশেষজ্ঞ ডা. সঞ্জয় বিশ্বাস ও ডা. সৌরভ প্রকাশ মাইতি।
ডিসান হসপিটালের গ্রুপ ডিরেক্টর ডা. সৌমিত্র ভরদ্বাজ বলেন, দীর্ঘদিন ধরেই বহু নারী ঋতুস্রাবের সময় তীব্র যন্ত্রণা, অতিরিক্ত রক্তপাত কিংবা পেলভিক অঞ্চলে স্থায়ী অস্বস্তিকে জীবনের স্বাভাবিক অংশ হিসেবে মেনে নিতে বাধ্য হন। অথচ এই উপসর্গগুলিকে কোনওভাবেই অবহেলা করা উচিত নয়। FEMORA-র মাধ্যমে এই ধরনের সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়ানো, সময়মতো রোগ নির্ণয় এবং সমন্বিত বিশেষায়িত চিকিৎসা পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। রোগীর জীবনযাত্রার মান, ব্যক্তিগত প্রয়োজন এবং ভবিষ্যতের মাতৃত্বের পরিকল্পনাকেও চিকিৎসার ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হবে।
রিপ্রোডাক্টিভ মেডিসিন অ্যান্ড সার্জারির অনারারি ডিরেক্টর ডা. সুদীপ বসু জানান, ফাইব্রয়েড ও এন্ডোমেট্রিওসিসের চিকিৎসায় রোগীর শারীরিক অবস্থা এবং ব্যক্তিগত চাহিদা অনুযায়ী চিকিৎসা পরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই রোগগুলি শুধু শারীরিক যন্ত্রণাই সৃষ্টি করে না, প্রজননক্ষমতা, মানসিক সুস্থতা এবং সামগ্রিক জীবনযাত্রার মানেও প্রভাব ফেলতে পারে। FEMORA-তে বিভিন্ন চিকিৎসা বিভাগের বিশেষজ্ঞদের একত্রিত করে সঠিক রোগ নির্ণয় ও উপযুক্ত চিকিৎসা নিশ্চিত করার চেষ্টা করা হবে। পাশাপাশি চিকিৎসাগতভাবে সম্ভব হলে জরায়ু ও প্রজননক্ষমতা সংরক্ষণের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
ডিসান হসপিটালের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সজল দত্তের বক্তব্য, নারীদের স্বাস্থ্য নিয়ে আরও বেশি সচেতনতা এবং বিশেষায়িত চিকিৎসার সুযোগ তৈরি করা সময়ের দাবি। FEMORA সেই লক্ষ্যে হসপিটালের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এমন একটি চিকিৎসা পরিবেশ গড়ে তোলাই তাঁদের উদ্দেশ্য, যেখানে নারীদের সমস্যাকে গুরুত্ব দিয়ে শোনা হবে এবং সঠিক সময়ে উপযুক্ত চিকিৎসা ও পরামর্শ দেওয়া হবে।
FEMORA-তে স্ত্রীরোগ বিশেষজ্ঞ, সার্জন, রেডিওলজিস্ট, ফার্টিলিটি বিশেষজ্ঞ এবং পেন ম্যানেজমেন্ট বিশেষজ্ঞদের সমন্বয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হবে। রোগীর উপসর্গ, বয়স, জীবনযাত্রার পর্যায় এবং ভবিষ্যতের পরিবার পরিকল্পনার কথা বিবেচনা করে ব্যক্তিগত চিকিৎসা পরিকল্পনা তৈরি করা হবে। চিকিৎসাগতভাবে উপযুক্ত ক্ষেত্রে জরায়ু সংরক্ষণ, প্রজননক্ষমতা রক্ষা, মিনিমালি ইনভেসিভ চিকিৎসা পদ্ধতি এবং রোবোটিক সার্জারির মতো আধুনিক চিকিৎসা ব্যবস্থার উপর গুরুত্ব দেওয়া হবে।
অতিরিক্ত বা দীর্ঘস্থায়ী ঋতুস্রাব, রক্তের জমাট অংশ বের হওয়া, রক্তাল্পতার কারণে অস্বাভাবিক ক্লান্তি বা শ্বাসকষ্ট, দীর্ঘস্থায়ী পেলভিক ব্যথা, পেট ফুলে থাকার অনুভূতি, ঘন ঘন প্রস্রাব এবং সন্তান ধারণে সমস্যা—এই ধরনের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি বলে জানানো হয়েছে উদ্যোগের তরফে।
শুধু রোগ নির্ণয় কিংবা অস্ত্রোপচারের মধ্যেই সীমাবদ্ধ না থেকে ব্যথা নিয়ন্ত্রণ, দ্রুত পুনরুদ্ধার এবং সামগ্রিক পেলভিক স্বাস্থ্য সুরক্ষার দিকেও FEMORA গুরুত্ব দেবে। হসপিটালের পরিকাঠামো ও বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে নারীদের বিভিন্ন পর্যায়ের স্বাস্থ্যগত চাহিদা পূরণে এই বিশেষ চিকিৎসাকেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে আশা ডিসান হসপিটালের।
নারীদের স্বাস্থ্য সমস্যাকে অবহেলা না করে সময়মতো চিকিৎসার আওতায় আনা এবং ফাইব্রয়েড ও এন্ডোমেট্রিওসিস সম্পর্কে সচেতনতা বাড়ানোর লক্ষ্যেই FEMORA-র এই যাত্রা শুরু।